বাঘজুড়ে পতিত জমি থেকে অবৈধভাবে চলছে মাটি কাটা ॥ ব্যবস্থা নেয়ার দাবি

বানিয়াচং উপজেলার সুবিদপুর ইউনিয়নের বাঘজুড় গ্রামের হেরারপাড় এলাকার পতিত জমি থেকে অবৈধভাবে মাটিকাটা চলছে। এনিয়ে উত্তেজনা দেখা দিয়েছে। দীর্ঘদিন ধরে ওই জমিতে একদল প্রভাবশালী ব্যক্তি অবৈধভাবে মাটি কাটার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাদের দাবি, পতিত জমিটি দখলে নেওয়ার উদ্দেশ্যেই পরিকল্পিতভাবে মাটি কাটা হচ্ছে। স্থানীয় সূত্রে জানা যায়, হেরারপাড় এলাকার উক্ত জমি নিয়ে দীর্ঘদিন ধরে মামলা-মোকদ্দমা চলমান রয়েছে। বিষয়টি আদালতে বিচারাধীন থাকা সত্ত্বেও সম্প্রতি একটি পক্ষ সেখানে মাটি কাটার কার্যক্রম শুরু করে। খবর পেয়ে এলাকার লোকজন প্রতিবাদ জানিয়ে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। এলাকাবাসীর অভিযোগ, বিষয়টি জানানো হলে বানিয়াচং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করেন। তাঁর নির্দেশে সংশ্লিষ্ট তহশিলদার ঘটনাস্থল পরিদর্শন করে মাটি কাটার কাজ বন্ধ করে দেন। তবে প্রশাসনের নির্দেশ অমান্য করে পুনরায় মাটি কাটার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়রা জানান, উক্ত জমিটি দীর্ঘদিন ধরে এলাকার লোকজন গবাদিপশু চরানোর কাজে ব্যবহার করে আসছেন। তারা চান জমিটি মাঠ হিসেবেই সংরক্ষিত থাকুক। কিন্তু একটি পক্ষ মাটি কেটে জমির শ্রেণি পরিবর্তন ও দখলের অপচেষ্টা চালাচ্ছে বলে তাদের দাবি। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন এলাকাবাসী বলেন, “জমিটি নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। এরপরও যদি কেউ প্রশাসনের নির্দেশ উপেক্ষা করে মাটি কাটে, তাহলে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে। আমরা চাই প্রশাসন দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করুক।” এদিকে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। যেকোনো সময় অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। তারা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ এবং বিচারাধীন জমিতে সকল ধরনের কার্যক্রম বন্ধ রাখার দাবি জানিয়েছেন।


শেয়ার করুন