ঝড়ে ঘরহারা শিপ্রা রাণীর পাশে জেলা প্রশাসন, পেলেন এক লাখ টাকার সহায়তা

স্টাফ রিপোর্টার ॥ প্রাকৃতিক দুর্যোগে বসতঘর হারিয়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করা অসহায় বৃদ্ধা শিপ্রা রাণী নাগের পাশে দাঁড়িয়েছে হবিগঞ্জ জেলা প্রশাসন। পুনর্বাসনের লক্ষ্যে তাকে এককালীন ১ লাখ টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

রবিবার (১৪ জুন) জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে হবিগঞ্জের জেলা প্রশাসক ড. জি. এম. সরফরাজ শিপ্রা রাণী নাগের হাতে ১ লাখ টাকার চেক তুলে দেন।

জানা যায়, সম্প্রতি ঘূর্ণিঝড় ও বৈরী আবহাওয়ার তাণ্ডবে শিপ্রা রাণী নাগের একমাত্র বসতঘর সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়ে যায়। বয়সের ভারে ন্যুব্জ এবং আর্থিকভাবে অসচ্ছল এই বৃদ্ধা তার সন্তানকে নিয়ে খোলা আকাশের নিচে দিন কাটাতে বাধ্য হন। বিষয়টি জেলা প্রশাসনের নজরে এলে জেলা প্রশাসক স্বয়ং ঘটনাস্থল পরিদর্শন করেন এবং তার করুণ অবস্থার বিষয়ে অবগত হন।

পরবর্তীতে দ্রুত সময়ের মধ্যে পুনর্বাসনের ব্যবস্থা হিসেবে জেলা প্রশাসনের উদ্যোগে তাকে এককালীন ১ লাখ টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়, যাতে তিনি নতুন করে বসতঘর নির্মাণ করতে পারেন।

চেক হস্তান্তর অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, “দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও প্রশাসনিক দায়িত্ব। শিপ্রা রাণী নাগের দুর্দশার কথা জেনে জেলা প্রশাসন তার মাথা গোঁজার ঠাঁই পুনর্নির্মাণের জন্য এ সহায়তা প্রদান করেছে। আমরা আশা করি, এই সহায়তার মাধ্যমে তিনি স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন।”

আর্থিক সহায়তা পেয়ে আবেগাপ্লুত শিপ্রা রাণী নাগ জেলা প্রশাসনের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, ঘর হারিয়ে চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটছিল। এ সহায়তা তার জন্য নতুন আশার সঞ্চার করেছে।

জেলা প্রশাসনের এই মানবিক উদ্যোগ স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে প্রশাসনের দ্রুত সাড়া ও সহমর্মিতার দৃষ্টান্ত হিসেবে ঘটনাটি ইতোমধ্যে এলাকায় ইতিবাচক আলোচনার জন্ম দিয়েছে।


শেয়ার করুন