হবিগঞ্জের বানিয়াচং ৫০ শয্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা, পরিচ্ছন্নতা ও অবকাঠামোগত বিভিন্ন সমস্যা নিয়ে স্থানীয়দের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। রোগী ও স্বজনদের অভিযোগ, হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে প্রয়োজনীয় সুযোগ-সুবিধার ঘাটতি থাকায় তারা ভোগান্তির শিকার হচ্ছেন। স্থানীয় সূত্রে জানা যায়, হাসপাতালের ওয়ার্ডগুলোতে অপরিচ্ছন্ন পরিবেশ, দেয়ালে শ্যাওলা জমে থাকা, বিশুদ্ধ পানির সংকট এবং ভবনের কিছু স্থানে ছাদের আস্তরণ খসে পড়ার মতো সমস্যা রয়েছে। এছাড়া প্রয়োজনীয় কিছু ওষুধের সংকট এবং চিকিৎসক-নার্সদের সেবা প্রদানে ঘাটতির অভিযোগও করেছেন কয়েকজন রোগী ও তাদের স্বজন। মহিলা ওয়ার্ডে চিকিৎসাধীন কয়েকজন রোগী জানান, হাসপাতালের কয়েকটি পানির ট্যাব দীর্ঘদিন ধরে বিকল থাকায় বিশুদ্ধ পানি পেতে সমস্যায় পড়তে হচ্ছে। একই সঙ্গে ওয়ার্ডের পরিবেশ ও পরিচ্ছন্নতা নিয়েও তারা অসন্তোষ প্রকাশ করেন। শহিদুল ইসলাম নামে এক ব্যক্তি জানান, অসুস্থ হয়ে হাসপাতালে গেলেও তিনি সন্তুষ্ট হতে পারেননি এবং পরে জেলা শহরে গিয়ে চিকিৎসা নিয়েছেন। স্থানীয় যুবদল নেতা সুহেল আহমদ বলেন, হাসপাতালের নিজস্ব কিছু আয়ের উৎস এবং সরকারি রক্ষণাবেক্ষণ বরাদ্দ থাকার পরও বিভিন্ন সমস্যা দীর্ঘদিন ধরে রয়ে গেছে। তিনি এসব বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি বাড়ানোর দাবি জানান। স্থানীয়দের অভিযোগ, হাসপাতালের রক্ষণাবেক্ষণ ও প্রশাসনিক কার্যক্রম নিয়ে অধিকতর তদারকি প্রয়োজন। তারা হাসপাতালের সার্বিক সেবার মান উন্নয়ন এবং বিদ্যমান সমস্যাগুলো দ্রুত সমাধানের দাবি জানিয়েছেন। এদিকে সম্প্রতি এক প্রসূতি রোগীর চিকিৎসা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয় পর্যায়ে আলোচনা সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে তদন্তের দাবি উঠেছে। এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচও) ডা. শামীমা আক্তারের বক্তব্য নেওয়ার জন্য তার সরকারি মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। ফলে এ বিষয়ে তার মন্তব্য জানা সম্ভব হয়নি। স্থানীয় বাসিন্দারা হাসপাতালের চিকিৎসাসেবা ও ব্যবস্থাপনা নিয়ে উত্থাপিত অভিযোগগুলো তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
খবর বিভাগঃ
হবিগঞ্জ
