৯ হত্যা মামলার আসামি শহিদুল মেম্বার গ্রেফতার

হবিগঞ্জের বানিয়াচং উপজেলার আলোচিত ৯ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ও ২নং উত্তর-পশ্চিম ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের সদস্য মো. শহিদুল ইসলাম (৩৫), ওরফে শহিদুল মেম্বারকে গ্রেফতার করেছে পুলিশ। প্রায় ১৯ মাস আত্মগোপনে থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (১৭ জুন) সন্ধ্যার পর বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হকের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার নোয়াপাড়া মহল্লায় শহিদুল মেম্বারের নিজ বাড়িতে অভিযান চালায়। এ সময় তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়া হয়।

প্রথমদিকে আটকের কারণ সম্পর্কে পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্পষ্ট তথ্য না থাকায় এলাকায় বিভিন্ন ধরনের আলোচনা শুরু হয়। পরে বৃহস্পতিবার (১৮ জুন) সকালে বানিয়াচং থানার ওসি নাজমুল হক তার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

ওসি নাজমুল হক জানান, শহিদুল মেম্বার বানিয়াচংয়ের বহুল আলোচিত ৯ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। মামলাটি দায়ের হওয়ার পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন। দীর্ঘদিন পলাতক থাকার পর গোপন তথ্যের ভিত্তিতে তার অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ২৮ অক্টোবর বানিয়াচং উপজেলার বড়ইউড়ি ইউনিয়নের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে ও পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় মোট ৯ জনের মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। নিহতদের স্বজনদের পক্ষ থেকে বানিয়াচং থানায় একাধিক মামলা দায়ের করা হয়। এর মধ্যে আলোচিত ৯ হত্যা মামলায় শহিদুল মেম্বারকে এজাহারভুক্ত আসামি করা হয়।

গ্রেফতারকৃত শহিদুল মেম্বার নোয়াপাড়া মহল্লার মৃত আব্দুল জব্বার মিয়ার ছেলে। মামলার অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে


শেয়ার করুন