ধনিয়াখালী সড়কের বেহাল দশা, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ

হবিগঞ্জের বাহুবল উপজেলার ৫নং লামাতাশি ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ধনিয়াখালী গ্রামের একটি গুরুত্বপূর্ণ সড়কের বেহাল অবস্থার কারণে দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। সংস্কারের অভাবে সড়কটি বর্তমানে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ৪০০ ভোটারের বসবাস ধনিয়াখালী গ্রামে। ধনিয়াখালী, কাজীহাটা, তারাপাশা, হাজীপুর, চাঁনপুর, নন্দনপুর, ভাতকাটিয়া, দীঘিরপাড় ও যমুনাবাদসহ আশপাশের ১০ থেকে ১২টি গ্রামের মানুষের যাতায়াতের প্রধান মাধ্যম এই সড়ক। এছাড়া হাওরাঞ্চলের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রেও সড়কটির গুরুত্ব রয়েছে।

এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কার না করায় বিভিন্ন স্থানে খানাখন্দ ও ভাঙনের সৃষ্টি হয়েছে। বর্ষা মৌসুমে বৃষ্টির পানি জমে কাদাময় হয়ে পড়ায় যানবাহন চলাচল এবং সাধারণ মানুষের যাতায়াতে চরম দুর্ভোগ সৃষ্টি হচ্ছে। বিশেষ করে শিক্ষার্থী, কৃষক, রোগী ও কর্মজীবী মানুষ সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছেন।

স্থানীয়রা জানান, বিভিন্ন নির্বাচনের সময় জনপ্রতিনিধি ও প্রার্থীরা সড়ক উন্নয়নের প্রতিশ্রুতি দিলেও নির্বাচন শেষে আর কোনো কার্যকর উদ্যোগ দেখা যায় না। ফলে বছরের পর বছর ধরে সমস্যার সমাধান হচ্ছে না।

এ অবস্থায় এলাকাবাসী সংশ্লিষ্ট প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধি এবং উন্নয়ন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত সড়কটি পরিদর্শন এবং প্রয়োজনীয় সংস্কার কাজ বাস্তবায়নের দাবি জানিয়েছেন


শেয়ার করুন