হামে আক্রান্ত শিশুদের চাপে লাখাই হাসপাতালে বেড সংকট

লাখাই প্রতিনিধি ॥ হবিগঞ্জের লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হামের উপসর্গে আক্রান্ত শিশুদের সংখ্যা বাড়তে থাকায় তীব্র বেড সংকট দেখা দিয়েছে। ৫০ শয্যার এই হাসপাতালে বর্তমানে হামে আক্রান্ত ১০ জন শিশু ভর্তি থাকলেও রোগীর চাপ সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষকে। বেডের অভাবে অনেক শিশুকে মেঝে ও বারান্দায় রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। এতে আক্রান্ত শিশু ও তাদের স্বজনদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

সরেজমিনে খোঁজ নিয়ে জানা যায়, গত কয়েক সপ্তাহ ধরে উপজেলায় হামে আক্রান্ত শিশুর সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। ফলে হাসপাতালের শিশু ওয়ার্ডে ধারণক্ষমতার চেয়ে বেশি রোগী ভর্তি হওয়ায় শয্যা সংকট প্রকট আকার ধারণ করেছে। অনেক শিশুকে বাধ্য হয়ে মেঝেতে বিছানা পেতে কিংবা বারান্দায় অবস্থান করিয়ে চিকিৎসা দিতে হচ্ছে।

শুধু বেড সংকটই নয়, হাসপাতালটিতে প্রয়োজনীয় কিছু ওষুধেরও ঘাটতি দেখা দিয়েছে। বিশেষ করে অ্যান্টিবায়োটিকসহ কয়েকটি জরুরি ওষুধের সংকটের কারণে চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, চলমান পরিস্থিতিতে ইতোমধ্যে ৭৫ জন হাম আক্রান্ত শিশু চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। বর্তমানে আরও ১০ জন শিশুকে আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে পর্যাপ্ত বেড না থাকায় হাসপাতাল কর্তৃপক্ষকে বিকল্প ব্যবস্থার আশ্রয় নিতে হচ্ছে।

এ বিষয়ে লাখাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কাজী সামছুল আরেফীন বলেন, “আমাদের স্বাস্থ্য কমপ্লেক্সে হাম রোগীদের জন্য পর্যাপ্ত বেড নেই। পাশাপাশি অর্থবছরের শেষ পর্যায়ে থাকায় কিছু ওষুধের ঘাটতি তৈরি হয়েছে। নতুন অর্থবছরে প্রয়োজনীয় বরাদ্দ পাওয়া গেলে এ সংকট অনেকটাই কাটিয়ে ওঠা সম্ভব হবে বলে আমরা আশা করছি।”

তিনি আরও বলেন, “হাম একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ। আক্রান্ত শিশুকে অন্য শিশুদের থেকে আলাদা রাখা জরুরি। কিন্তু অনেক ক্ষেত্রে অভিভাবকরা বিষয়টি গুরুত্বের সঙ্গে পালন করছেন না। এতে সংক্রমণ আরও ছড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি হচ্ছে।”

এদিকে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা শিশুদের শরীরে হামের লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া, নিয়মিত টিকাদান নিশ্চিত করা এবং আক্রান্ত শিশুকে অন্যদের থেকে পৃথক রাখার আহ্বান জানিয়েছেন।

স্থানীয় সচেতন মহল মনে করছেন, রোগীর ক্রমবর্ধমান চাপ সামাল দিতে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অতিরিক্ত বেড, প্রয়োজনীয় ওষুধ সরবরাহ এবং জনবল বৃদ্ধি করা জরুরি হয়ে পড়েছে। অন্যথায় পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করতে পারে।


শেয়ার করুন