পরিবেশগত ছাড়পত্র লঙ্ঘন: গ্র্যান্ড সুলতানসহ ১৩ প্রতিষ্ঠানের প্রায় ৫ লাখ টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার ॥ পরিবেশগত ছাড়পত্র না থাকা, নবায়ন না করা এবং ছাড়পত্রের শর্ত ভঙ্গের অভিযোগে সিলেট বিভাগের ১৩টি প্রতিষ্ঠানকে মোট ৪ লাখ ৯৭ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। অভিযানে শ্রীমঙ্গলের পাঁচ তারকা হোটেল গ্র্যান্ড সুলতান রিসোর্ট অ্যান্ড গলফ, হবিগঞ্জের দুটি শিল্পপ্রতিষ্ঠানসহ বিভিন্ন হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

সোমবার পরিবেশ অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে পরিচালিত বিশেষ অভিযানে এ জরিমানা করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পরিবেশ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো. আবুল কালাম আজাদ।

অভিযানে সবচেয়ে বেশি জরিমানা করা হয় মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার রাধানগর এলাকায় অবস্থিত পাঁচ তারকা হোটেল গ্র্যান্ড সুলতান রিসোর্ট অ্যান্ড গলফকে। পরিবেশগত ছাড়পত্রের শর্ত ভঙ্গের দায়ে প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

একই অভিযোগে হবিগঞ্জের ম্যাটাডোর প্লাস্টিক অ্যান্ড রাবার ইন্ডাস্ট্রিজকে ১ লাখ টাকা এবং স্টার পোরসেলিন লিমিটেডকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

এ ছাড়া সিলেট উপশহরের গ্যাস্ট্রোলিভার হাসপাতালকে ২০ হাজার টাকা এবং হবিগঞ্জ সদরের আধুনিক ডায়াগনস্টিক সেন্টারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। বিভিন্ন ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ব্লাড ব্যাংক ও অন্যান্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে ৫ হাজার থেকে ১০ হাজার টাকা পর্যন্ত অর্থদণ্ড আরোপ করা হয়েছে। এর মধ্যে সুনামগঞ্জের ছাতকের একটি স-মিল ও লাইফ লাইন ব্লাড ব্যাংককেও জরিমানা করা হয়েছে।

পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, পরিবেশ সংরক্ষণ আইন যথাযথভাবে বাস্তবায়ন এবং দূষণ নিয়ন্ত্রণে নিয়মিত মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে। আইন অমান্যকারী ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে পরিবেশ অধিদপ্তরের এ অভিযানকে স্বাগত জানিয়েছেন সচেতন নাগরিক ও পরিবেশবাদীরা। তবে তাদের মতে, শুধুমাত্র অর্থদণ্ড আরোপ নয়, পরিবেশ দূষণকারী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে দীর্ঘমেয়াদি ও কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে টেকসই সমাধান নিশ্চিত করা প্রয়োজন


শেয়ার করুন