চুনারুঘাট প্রতিনিধি ॥ সীমান্ত নিরাপত্তা জোরদার ও চোরাচালান প্রতিরোধে চলমান অভিযানের অংশ হিসেবে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ২ কেজি ভারতীয় গাঁজাসহ এক ব্যক্তিকে আটক করেছে।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ৫৫ বিজিবির তেলিয়াপাড়া বিওপির একটি টহলদল সোমবার (১৬ জুন) দুপুর ১২টার দিকে মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার বাশতলা আমুরোড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন এক যুবককে তল্লাশি করে তার শরীরে অভিনব কৌশলে পেঁচিয়ে বহন করা ২ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়।
অভিযানকালে গাঁজাসহ ওই ব্যক্তিকে হাতেনাতে আটক করতে সক্ষম হয় বিজিবি সদস্যরা।
আটক ব্যক্তি হলেন ময়মনসিংহের তারাকান্দার হারুন মিয়ার ছেলে মো. আরিফ মিয়া (৩০)।
উদ্ধারকৃত গাঁজা ও আটক ব্যক্তিকে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে মাধবপুর থানায় মামলা দায়েরের মাধ্যমে হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে ৫৫ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে জানানো হয়, সীমান্ত সুরক্ষার পাশাপাশি চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে। যুবসমাজকে মাদকের ভয়াবহ প্রভাব থেকে রক্ষা এবং দেশের অর্থনীতিকে শক্তিশালী রাখতে এ ধরনের কার্যক্রম নিয়মিত পরিচালনা করা হচ্ছে।
বিজিবি আরও জানায়, মাদক ও চোরাচালান চক্রকে শনাক্ত ও আইনের আওতায় আনতে গোয়েন্দা তৎপরতাও অব্যাহত রয়েছে। পাশাপাশি চোরাচালান প্রতিরোধ এবং মাদকমুক্ত সমাজ গঠনে সর্বস্তরের জনগণের সক্রিয় সহযোগিতা কামনা করেছে বাহিনীটি।
খবর বিভাগঃ
হবিগঞ্জ
