শায়েস্তাগঞ্জে পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কার্যক্রম শুরু

ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগের প্রকোপ প্রতিরোধ এবং জনস্বাস্থ্য সুরক্ষায় ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে শায়েস্তাগঞ্জ পৌরসভা। এর অংশ হিসেবে শনিবার সকাল সাড়ে ১০টায় পৌর এলাকায় আনুষ্ঠানিকভাবে মশক নিধন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় প্রাঙ্গণ থেকে এ কর্মসূচির উদ্বোধন করেন শায়েস্তাগঞ্জ পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে রাব্বানী চৌধুরী।

উদ্বোধনী অনুষ্ঠানে পৌরসভার বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী, পরিচ্ছন্নতা কর্মী ও সংশ্লিষ্ট বিভাগের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এ সময় পৌরসভার মশক নিধন কার্যক্রমে ব্যবহৃত ফগার মেশিন ও স্প্রে কার্যক্রমের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও ফজলে রাব্বানী চৌধুরী বলেন, বর্ষা মৌসুমে ডেঙ্গুসহ মশাবাহিত রোগের ঝুঁকি বেড়ে যায়। তাই জনস্বাস্থ্য সুরক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে শায়েস্তাগঞ্জ পৌরসভা সময়োপযোগী এ উদ্যোগ গ্রহণ করেছে। তিনি বলেন, ‘‘ডেঙ্গু প্রতিরোধে শুধু পৌরসভার উদ্যোগই যথেষ্ট নয়, এ ক্ষেত্রে জনগণেরও সচেতন হতে হবে। প্রত্যেককে নিজ নিজ বাড়ির আঙিনা, ছাদ, ফুলের টব, পরিত্যক্ত পাত্র ও জমে থাকা পানি পরিষ্কার রাখতে হবে। মশার প্রজননস্থল ধ্বংসে সবাইকে এগিয়ে আসতে হবে।’’

তিনি আরও বলেন, পৌরসভার প্রতিটি ওয়ার্ডে সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান, মাদরাসা, কলেজ, পাড়া-মহল্লা, বাসাবাড়ি, হাট-বাজার, ব্যবসা প্রতিষ্ঠান, পল্লী বিদ্যুৎ কার্যালয়, রেলস্টেশন এলাকা, রেলওয়ে কলোনি, রেলওয়ে পুলিশ ফাঁড়ি, থানা, সরকারি-বেসরকারি অফিস, ড্রেন, নর্দমা এবং ঝোপঝাড়ে নিয়মিতভাবে মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হবে। পাশাপাশি জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রচার-প্রচারণাও চালানো হবে।

তিনি জানান, পৌরসভার পক্ষ থেকে একটি দক্ষ ও প্রশিক্ষিত টিম গঠন করা হয়েছে। এ টিম পর্যায়ক্রমে প্রতিটি ওয়ার্ডে গিয়ে ফগিং ও লার্ভিসাইডিং কার্যক্রম পরিচালনা করবে। এর মাধ্যমে মশার উপদ্রব কমে আসবে এবং ডেঙ্গুসহ বিভিন্ন মশাবাহিত রোগের ঝুঁকি উল্লেখযোগ্য হারে হ্রাস পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এদিকে পৌরবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, প্রশাসক ও ইউএনও ফজলে রাব্বানী চৌধুরী দায়িত্ব গ্রহণের পর থেকে শায়েস্তাগঞ্জ পৌরসভার পরিচ্ছন্নতা, পরিবেশ উন্নয়ন ও নাগরিক সেবার মানোন্নয়নে বিভিন্ন কার্যকর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পৌর এলাকার সড়ক-ঘাট পরিচ্ছন্ন রাখা, ড্রেন পরিষ্কার, সৌন্দর্যবর্ধন এবং জনস্বাস্থ্য সুরক্ষায় ধারাবাহিক কর্মকাণ্ড পরিচালনা করায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

স্থানীয় সচেতন নাগরিকরা বলেন, ডেঙ্গু প্রতিরোধে সময়োপযোগী এ উদ্যোগ প্রশংসার দাবি রাখে। নিয়মিতভাবে মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হলে পৌরবাসী উপকৃত হবে এবং জনস্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পৌরসভা সূত্রে জানা গেছে, আগামী কয়েক সপ্তাহজুড়ে শায়েস্তাগঞ্জ পৌরসভার প্রতিটি ওয়ার্ডে পর্যায়ক্রমে মশক নিধন অভিযান অব্যাহত থাকবে এবং ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির জন্য বিশেষ প্রচারণাও পরিচালনা করা হবে।



শেয়ার করুন