আউশকান্দিতে ট্রাকচাপায় সিএনজি চালক নিহত, অবরোধে মহাসড়কে যানজট

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়ক পারাপারের সময় ট্রাকচাপায় সোহেল মিয়া (৪৫) নামে এক সিএনজি অটোরিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনার প্রতিবাদে সিএনজি শ্রমিকরা মহাসড়ক অবরোধ করলে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

রোববার (২১ জুন) ভোরে উপজেলার আউশকান্দি কিবরিয়া চত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সোহেল মিয়া কুর্শি ইউনিয়নের কুর্শি গ্রামের জব্বার উল্লাহর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো ভোরে জীবিকার তাগিদে সিএনজি অটোরিকশা নিয়ে বের হন সোহেল মিয়া। পরে আউশকান্দি কিবরিয়া চত্বর এলাকায় অটোরিকশা রেখে চা পান করার উদ্দেশ্যে মহাসড়কের অপর পাশে যাওয়ার সময় সড়ক পারাপার করছিলেন। এ সময় ঢাকা থেকে সিলেটগামী মাছবোঝাই একটি দ্রুতগতির ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর স্থানীয়রা ট্রাকটি আটক করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু করে।

এদিকে সোহেল মিয়ার মৃত্যুর প্রতিবাদে সিএনজি শ্রমিকরা ঢাকা-সিলেট মহাসড়কের আউশকান্দি এলাকায় অবরোধ কর্মসূচি পালন করেন। এতে প্রায় এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। সড়কের উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে এবং ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ ও শেরপুর হাইওয়ে থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে অবরোধ প্রত্যাহার করলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “দুর্ঘটনায় জড়িত ট্রাকটি আটক করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”


শেয়ার করুন