বানিয়াচংয়ে নিরীহ হিন্দু পরিবারের উপর হামলার ঘটনা ঘটেছে। গতকাল শনিবার উপজেলা সদরের পূর্বগড় গ্রামের কৃষ্ণ দাশের পরিবারের উপর ওই গ্রামের লকুছ মিয়া ও আশ্বব আলীর নেতৃত্বে হামলার ঘটনা ঘটে। হামলায় গুরুতর আহত গৌরী রাণী দাশ (৩২) কে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এছাড়া কৃষ্ণ দাশ, আবু দাশসহ বাকীদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আহতরা জানান, লকুছ অকারণে প্রায়ই তাদেরকে গালিগালাজসহ হুমকি-ধামকি প্রদান করে। ঘটনার দিনও নিজ কচু ক্ষেতে লতা উত্তোলনের সময় লকুছ অশ্লীল ভাষায় গালিগালাজ করলে প্রতিবাদ করায় ধারলো অস্ত্র নিয়ে হামলা চালায়। এসময় লকুছের পক্ষ নিয়ে তার আত্মীয় আশ্বব আলী, নাঈমসহ ১০/১২ জন লাঠিসোটা নিয়ে হিন্দু পরিবারের নারী-পুরুষদেরকে মারধর করে। এতে পরিবারটির সবাই আহত হয়। ওই এলাকার ইউ.পি মেম্বার মোবারক মিয়া ঘটনাটি সামাজিকভাবে আপোষ মিমাংসার জন্য উভয়পক্ষকে রাজী করানোয় থানায় মামলা দায়ের করা হয়নি। অন্যদিকে ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সেলিম আহমেদ এবং ছাত্রদল নেতা আব্দুল মতিনসহ অনেকেই জানান, হিন্দু পরিবারের উপর হামলাকারী লকুছ ও আশ্বব আলী ইয়াবা ব্যবসায়ী এবং তারা মেম্বার যুবলীগ নেতা মোবারক মিয়ার আত্মীয়। বিএনপি নেতা সেলিম ও ছাত্রদল নেতা মতিন হামলাকারীদের কঠোর শাস্তির দাবিও জানান।
খবর বিভাগঃ
হবিগঞ্জ
