চুনারুঘাটে ট্যাংকি পরিষ্কার করতে গিয়ে বজ্রপাতে নিহত ১

হবিগঞ্জের চুনারুঘাট পৌরসভার হাতুন্ডা এলাকায় বজ্রপাতে রিংকু দেবনাথ (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার ভাগিনা পিযুষ দেবনাথ (৩০) আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শনিবার বিকেলে হাতুন্ডা এলাকার মনিন্দ্র দেবনাথের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহত রিংকু দেবনাথ বাহুবল উপজেলার মিরপুরের চকফাজিল গ্রামের সুরেশ দেবনাথের পুত্র। আহত পিযুষ দেবনাথ হাতুন্ডা এলাকার মনিন্দ্র দেবনাথের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রিংকু দেবনাথ তার বোনের বাড়িতে বেড়াতে এসেছিলেন। বিকেলে ভাগিনা পিযুষকে সঙ্গে নিয়ে টিনের ঘরের চালার ওপর উঠে পানির ট্যাংকি পরিষ্কার করছিলেন। এ সময় বৃষ্টিপাত শুরু হলে হঠাৎ বজ্রপাতের ঘটনা ঘটে। বজ্রপাতে দুজনই ছাদ থেকে ছিটকে নিচে পড়ে গুরুতর আহত হন।

পরে স্বজনরা দ্রুত তাদের চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রিংকু দেবনাথকে মৃত ঘোষণা করেন। আহত পিযুষ দেবনাথকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে চুনারুঘাট থানার এসআই মৃদুল কুমার ভৌমিক সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


শেয়ার করুন