বুধবার উপজেলা প্রশাসনের পরিচালিত এক অভিযানে এ দণ্ড প্রদান করা হয়। দণ্ডপ্রাপ্ত বিধু দেব উপজেলার শম্ভুপুর গ্রামের বাসিন্দা এবং বারীন্দ্র দেবের ছেলে।
অভিযান সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তিনি সরকারি অনুমোদন ছাড়াই নিজ জমি থেকে বালু উত্তোলন করে আসছিলেন। এতে পার্শ্ববর্তী কৃষিজমি ও পরিবেশের ক্ষতি হচ্ছিল বলে অভিযোগ ওঠে। অভিযোগের ভিত্তিতে উপজেলা প্রশাসন ঘটনাস্থলে অভিযান পরিচালনা করলে অবৈধ বালু উত্তোলনের সত্যতা পাওয়া যায়।
অভিযান চলাকালে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত দুটি মেশিন জব্দ করে ধ্বংস করা হয়। একই সঙ্গে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর সংশ্লিষ্ট ধারায় বিধু দেবকে ১ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল রায়ের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে বাহুবল থানা পুলিশের সদস্য এবং উপজেলা আনসার সদস্যরা অংশ নেন।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবেশের ভারসাম্য রক্ষা ও কৃষিজমি সংরক্ষণের স্বার্থে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে এবং এ ধরনের কার্যক্রমের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।
