স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামের অভ্যন্তরের পানি নিষ্কাশনের সুবিধার্থে সম্প্রতি কালভার্টটি নির্মাণ করা হয়। তবে কাজ শুরুর পর থেকেই নির্মাণকাজের মান নিয়ে প্রশ্ন ওঠে। গ্রামবাসীর অভিযোগ, কাজে নিম্নমানের বালি, ইটের খোয়া ও অন্যান্য নির্মাণসামগ্রী ব্যবহার করা হয়েছে। এ বিষয়ে স্থানীয় সচেতন মহল আপত্তি জানিয়ে কাজ বন্ধ রাখার আহ্বান জানালেও তা উপেক্ষা করে নির্মাণকাজ শেষ করা হয় বলে অভিযোগ রয়েছে।
এলাকাবাসীর দাবি, বৃষ্টিপাতের পর কালভার্টের গাঁথুনির কিছু অংশে ক্ষয় দেখা দিলে তা দ্রুত মাটি দিয়ে ভরাট করে ঢালাই দেওয়া হয়। এতে নির্মাণকাজের মান নিয়ে আরও সন্দেহ সৃষ্টি হয়েছে।
গ্রামবাসীরা জানান, এক লাখ টাকা ব্যয়ে নির্মিত কালভার্টটি বর্তমানে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে এবং যেকোনো সময় ক্ষতিগ্রস্ত হতে পারে। তারা দ্রুত বিষয়টি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং কালভার্টটি পুনর্নির্মাণের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।
এলাকাবাসীর অভিযোগ, সরকারি অর্থে বাস্তবায়িত উন্নয়ন প্রকল্পে অনিয়মের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হলে জনমনে আস্থা ফিরবে।
