হবিগঞ্জে মাদকসেবীর এক বছরের কারাদণ্ড

হবিগঞ্জের বাহুবল উপজেলায় মাদক সেবন করে উচ্ছৃঙ্খল আচরণের দায়ে উমায়েদ চৌধুরী (৪৫) নামে এক ব্যক্তিকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১০ জুন) দুপুর আড়াইটার দিকে উপজেলার মিরপুর ইউনিয়নের বানিয়াগাঁও-রঘুরামপুর সড়কসংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল রায়।

দণ্ডপ্রাপ্ত উমায়েদ চৌধুরী উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের শফিয়াবাদ গ্রামের মৃত আব্দুল মতিন চৌধুরীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বানিয়াগাঁও-রঘুরামপুর এলাকায় দীর্ঘদিন ধরে মাদক কারবারি ও মাদকসেবীদের আনাগোনা রয়েছে বলে অভিযোগ রয়েছে। বুধবার দুপুরে কয়েকজন ব্যক্তি একটি ইটভাটায় মাদক সেবন করে মাতলামি ও উচ্ছৃঙ্খল আচরণ শুরু করলে স্থানীয় লোকজন তাদের ধাওয়া করেন। এ সময় একজনকে আটক করে উপজেলা প্রশাসনকে খবর দেওয়া হয়।

খবর পেয়ে ইউএনও উজ্জ্বল রায় ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর আওতায় আটক উমায়েদ চৌধুরীকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।

অভিযান চলাকালে বাহুবল থানা পুলিশের সদস্যরা এবং স্থানীয় জনসাধারণ প্রশাসনকে সহযোগিতা করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল রায় বলেন, “বাহুবল উপজেলাকে মাদকমুক্ত রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। মাদকের বিরুদ্ধে প্রশাসনের অবস্থান কঠোর এবং এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।”


শেয়ার করুন