বিপন্ন তক্ষক উদ্ধার করে প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার লস্করপুর এলাকা থেকে উদ্ধার করা একটি তক্ষক সাতছড়ি জাতীয় উদ্যানে অবমুক্ত করেছে হবিগঞ্জ বন বিভাগ। শনিবার (২০ জুন) দুপুরে বন বিভাগের উদ্যোগে তক্ষকটি প্রাকৃতিক পরিবেশে ছেড়ে দেওয়া হয়। বন বিভাগ সূত্রে জানা যায়, লস্করপুর এলাকা থেকে উদ্ধার করা তক্ষকটিকে একদিন পর্যবেক্ষণ ও পরিচর্যার পর সুস্থ অবস্থায় সাতছড়ি বনের নিরাপদ পরিবেশে অবমুক্ত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ বন বিভাগের বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ বিভাগের রেঞ্জার মাহমুদ হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরী বলেন, তক্ষক ধরা, লালন-পালন বা এর ব্যবসা করা বন্যপ্রাণী সংরক্ষণ আইনে দণ্ডনীয় অপরাধ। কোথাও তক্ষক পাওয়া গেলে তা বন বিভাগের বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কাছে হস্তান্তর করা উচিত। রেঞ্জার মাহমুদ হোসেন বলেন, তক্ষক সাধারণত পাহাড়ি এলাকা, বড় গাছের ফোঁকর কিংবা স্যাঁতসেঁতে পরিবেশে বসবাস করে। তাই লোকালয় থেকে দূরে সংরক্ষিত বনাঞ্চল বা ঘন বৃক্ষাচ্ছাদিত এলাকায় অবমুক্ত করা প্রয়োজন। উদ্ধারের পর অবমুক্তির সময় এমন পরিবেশ নিশ্চিত করা হয় যাতে প্রাণীটি সহজেই তার স্বাভাবিক আবাসস্থলে ফিরে যেতে পারে। চুনারুঘাট বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক ও গণমাধ্যমকর্মী আব্দুল জাহির মিয়া বলেন, তক্ষক একটি বিপন্ন ও সংরক্ষিত বন্যপ্রাণী। কেউ তক্ষক উদ্ধার করলে সেটিকে হত্যা, আটকে রাখা বা বিক্রির চেষ্টা না করে দ্রুত বন বিভাগ বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো উচিত


শেয়ার করুন