স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি কালীগঞ্জ বাজারের এক ব্যবসায়ীর মোবাইল ফোন চুরির অভিযোগ ওঠে। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে এক যুবককে আটক করেন স্থানীয় লোকজন। পরে তাকে বাজারে প্রকাশ্যে এনে মাথার চুল কেটে ন্যাড়া করা হয়। একই সঙ্গে তার মাথায় আর্জেন্টিনার জাতীয় পতাকার আদলে বিশেষ নকশা আঁকা হয়।
ঘটনার সময় বিপুল সংখ্যক উৎসুক মানুষ সেখানে ভিড় করেন। পরে ঘটনার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
স্থানীয়দের একাংশ এ ঘটনাকে ব্যতিক্রমী শাস্তি হিসেবে উল্লেখ করলেও অন্যরা এটিকে আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা হিসেবে দেখছেন। তাদের মতে, কোনো ব্যক্তি অপরাধে জড়িত থাকলে তাকে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করা উচিত, জনসমক্ষে এ ধরনের আচরণ কাম্য নয়।
এ বিষয়ে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, “বাঘাসুরা ইউনিয়নে মাদক ও অপরাধবিরোধী সচেতনতামূলক সমাবেশের মাধ্যমে জনগণকে আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানানো হয়েছে। কোনো ব্যক্তি অপরাধে জড়িত থাকলে তাকে পুলিশের কাছে সোপর্দ করতে হবে। আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণই সঠিক পন্থা।”
ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয়ভাবে নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থেকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানিয়েছেন।
