
শারীরিক প্রতিবন্ধকতা অনেকের জীবনকে থামিয়ে দেয়। কিন্তু হবিগঞ্জ সদর উপজেলার বাতাসার গ্রামের নুর ইসলাম প্রমাণ করেছেন, ইচ্ছাশক্তি আর মানবতার প্রতি ভালোবাসা থাকলে কোনো বাধাই মানুষের পথ রোধ করতে পারে না। নিজে একজন শারীরিক প্রতিবন্ধী। জীবন সংগ্রামের প্রতিটি ধাপে তাকে লড়াই করতে হয়েছে দারিদ্র্য, কষ্ট ও নানা প্রতিকূলতার সঙ্গে। তবুও নিজের কষ্টকে আড়াল করে অসহায় মানুষের মুখে হাসি ফোটানোর চেষ্টা করে যাচ্ছেন হবিগঞ্জ সদর উপজেলার ৯ নং নিজামপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের বাতাসার গ্রামের নুর ইসলাম। বর্তমানে তিনি হবিগঞ্জ শহরে সংবাদপত্র ও মোবাইল ফোনের কার্ড বিক্রি করে জীবিকা নির্বাহ করেন। কিন্তু জীবিকার সংগ্রামের পাশাপাশি দীর্ঘদিন ধরে বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত রেখেছেন। কোনো অসহায় পরিবার খাদ্য সংকটে ভুগছে, কোনো রোগী চিকিৎসার অভাবে কষ্ট পাচ্ছে, কোনো এতিমখানা বা মাদ্রাসায় প্রয়োজনীয় সামগ্রীর অভাব রয়েছে, এমন খবর পেলেই তিনি ছুটে যান সেখানে। নুর ইসলাম এসব অসহায় মানুষের বাস্তব চিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে তুলে ধরেন। তার আহ্বানে দেশ-বিদেশের অনেক দানশীল ব্যক্তি এগিয়ে আসেন। এর মাধ্যমে বহু অসহায় পরিবার আর্থিক সহায়তা, খাদ্যসামগ্রী ও চিকিৎসা সহায়তা পেয়েছে। এছাড়াও বিভিন্ন এতিমখানা, মাদ্রাসা ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য কাবার, মাদুর, পাখা, মাইকসহ বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ করে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন তিনি। নিজের শারীরিক সীমাবদ্ধতাকে উপেক্ষা করে মানুষের কল্যাণে কাজ করার এই মানসিকতার কারণে বর্তমানে হবিগঞ্জের অনেক মানুষ তাকে “মানবিক নুর ইসলাম” নামে চেনেন।
একসময় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে শারীরিক প্রতিবন্ধকতার শিকার হন নুর ইসলাম। কিন্তু সেই দুর্ঘটনা তার জীবনকে থামিয়ে দিতে পারেনি। বরং মানুষের জন্য কিছু করার ইচ্ছা তাকে আরও শক্তিশালী করেছে। নিজের কষ্টের অভিজ্ঞতা থেকেই তিনি অসহায় মানুষের কষ্ট বুঝতে শিখেছেন এবং তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন প্রতিনিয়ত। স্থানীয়দের মতে, সমাজে মানবিক মূল্যবোধ ধরে রাখতে নুর ইসলামের মতো মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সীমিত সামর্থ্য ও শারীরিক প্রতিবন্ধকতা নিয়ে তিনি যেভাবে মানবসেবায় কাজ করে যাচ্ছেন, তা সত্যিই প্রশংসার দাবিদার।
মানবিক কাজের পাশাপাশি তিনি সমাজের বিভিন্ন সমস্যা ও অসহায় মানুষের দুর্দশার চিত্র তুলে ধরে সচেতনতা সৃষ্টিতেও কাজ করছেন। তার প্রচেষ্টায় অনেক অসহায় মানুষ নতুন করে বেঁচে থাকার স্বপ্ন দেখার সুযোগ পেয়েছেন। শারীরিক প্রতিবন্ধকতা কোনো মানুষের স্বপ্ন ও মানবসেবার পথে বাধা হতে পারে না, নুর ইসলামের জীবনসংগ্রাম ও মানবিক কর্মকাণ্ড সেই বার্তাই বহন করে। তার এই মানবিক উদ্যোগ সমাজের অন্যদেরও অসহায় মানুষের পাশে দাঁড়াতে অনুপ্রাণিত করছে।
শেয়ার করুন