আজমিরীগঞ্জে ১২০ কেন্দ্রে শুরু হলো ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন

মাসুদ রানা, আজমিরীগঞ্জ প্রতিনিধি ॥ সারাদেশের ন্যায় হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় উৎসাহ-উদ্দীপনা ও সুশৃঙ্খল পরিবেশে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উদ্বোধন করা হয়েছে


রোববার (২৮ জুন) সকালে উপজেলার একটি টিকাদান কেন্দ্রে ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ইকবাল হোসেন।

উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, ভিটামিন ‘এ’ ক্যাপসুল শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, অপুষ্টিজনিত সমস্যা প্রতিরোধ এবং দৃষ্টিশক্তি সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী প্রতিটি শিশুকে নির্ধারিত টিকাদান কেন্দ্রে এনে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর জন্য তিনি অভিভাবকদের প্রতি আহ্বান জানান।

উদ্বোধনের পর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ইকবাল হোসেনের নেতৃত্বে আজমিরীগঞ্জ উপজেলার মোট ১২০টি টিকাদান কেন্দ্রের কার্যক্রম পরিদর্শন করা হয়। এ সময় কেন্দ্রগুলোর সার্বিক ব্যবস্থাপনা, স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবকদের দায়িত্ব পালন, শিশুদের উপস্থিতি এবং সেবার মান নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হয়। পাশাপাশি দায়িত্বপ্রাপ্তদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়, যাতে প্রতিটি শিশু নিরাপদ ও সঠিকভাবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল গ্রহণ করতে পারে।

উপজেলা স্বাস্থ্য বিভাগ জানায়, জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় উপজেলার ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের একটি করে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।

উপজেলা স্বাস্থ্য বিভাগের সার্বিক তত্ত্বাবধানে এবং স্বাস্থ্যকর্মী, স্বেচ্ছাসেবক ও সংশ্লিষ্ট সবার সহযোগিতায় ক্যাম্পেইন সফলভাবে পরিচালিত হচ্ছে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ কর্মসূচির মাধ্যমে শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, অপুষ্টি প্রতিরোধ এবং সুস্থ-সবল ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এদিকে উপজেলা স্বাস্থ্য বিভাগ সকল অভিভাবককে নির্ধারিত টিকাদান কেন্দ্রে গিয়ে তাদের শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর আহ্বান জানিয়েছে।

শেয়ার করুন