আজমিরীগঞ্জ উপজেলার ৩নং জলসুখা ইউনিয়ন পরিষদের উদ্যোগে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জলসুখা বাজার প্রাঙ্গণে এক সচেতনতামূলক ভিডিও প্রদর্শনী ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ পর্যায়) প্রকল্পের আজমিরীগঞ্জ উপজেলা সমন্বয়কারী সম্পা রাণী দেব, ৩নং জলসুখা ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য শেখ জুনায়েদ আহমেদ, সংরক্ষিত মহিলা সদস্য (১, ২ ও ৩নং ওয়ার্ড) মোছাঃ জনেরা বেগমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সমন্বয়কারী সম্পা রাণী দেব। ভিডিও প্রদর্শনী শেষে তিনি গ্রাম আদালতের কার্যক্রম, সেবার পরিধি, সুবিধা এবং সাধারণ মানুষের জন্য সহজলভ্য আইনি সেবা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। পরে উপস্থিত জনসাধারণের মাঝে গ্রাম আদালত বিষয়ক তথ্যসম্বলিত লিফলেট বিতরণ করা হয়। বক্তারা বলেন, গ্রাম আদালত স্থানীয় পর্যায়ে ছোটখাটো বিরোধ দ্রুত, সহজ ও স্বল্প ব্যয়ে নিষ্পত্তির একটি কার্যকর মাধ্যম। এ ধরনের সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষ গ্রাম আদালতের সেবা সম্পর্কে জানতে পারছে এবং আইনি সহায়তা গ্রহণে আরও উৎসাহিত হচ্ছে। কর্মসূচিতে স্থানীয় বাসিন্দাদের ব্যাপক অংশগ্রহণ লক্ষ্য করা যায়। আয়োজকরা জানান, জনগণের দোরগোড়ায় ন্যায়বিচার পৌঁছে দিতে ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
খবর বিভাগঃ
হবিগঞ্জ
