শায়েস্তাগঞ্জে অবৈধ ফুটপাত উচ্ছেদে প্রশাসনের অভিযান

শায়েস্তাগঞ্জ শহরের যানজট নিরসন, অবৈধ ফুটপাত দখলমুক্তকরণ এবং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে কঠোর অবস্থানে রয়েছে উপজেলা প্রশাসন। এ লক্ষ্যে মঙ্গলবার (৩০ জুন) বিকেল ৬টায় শহরের বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে রাব্বানী চৌধুরীর নির্দেশনায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন শায়েস্তাগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) আরিফুর রহমান শান্ত। অভিযানে শহরের প্রধান সড়ক, ফুটপাত ও গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে অবৈধ দখল, পথচারীদের চলাচলে প্রতিবন্ধকতা এবং ট্রাফিক শৃঙ্খলা নিশ্চিত করতে তদারকি করা হয়। অভিযানকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় মূল্য তালিকা প্রদর্শন না করায় একটি ব্যবসা প্রতিষ্ঠানকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে সড়ক পরিবহন আইন লঙ্ঘনের দায়ে একটি অবৈধ মোটরসাইকেলের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে ২ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় শায়েস্তাগঞ্জ পৌরসভার প্রকৌশলী ইঞ্জিনিয়ার নাজমুল হাসান জিসান, শায়েস্তাগঞ্জ থানার একদল পুলিশ সদস্য এবং পৌরসভার সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত থেকে অভিযানে সহযোগিতা করেন। তারা শহরের বিভিন্ন স্থানে যানবাহন নিয়ন্ত্রণ, ফুটপাত দখলমুক্ত রাখা এবং জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। অভিযান চলাকালে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনাকারী এবং সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করা ব্যক্তিদের সতর্ক করা হয়। ভবিষ্যতে পুনরায় একই ধরনের অনিয়ম করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানিয়ে দেয় প্রশাসন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, শায়েস্তাগঞ্জ শহরকে যানজটমুক্ত, পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল রাখতে অবৈধ দখল উচ্ছেদ, বাজার তদারকি এবং সড়ক ব্যবস্থাপনায় নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে বলেও সংশ্লিষ্টরা জানিয়েছেন।



শেয়ার করুন