অভিযোগে স্থানীয়দের দাবি, বর্তমান সরকারের উন্নয়ন প্রকল্পের আওতায় সদরাবাদ গ্রামের মৃত ইমাদ উল্লার বাড়ির সামনের সড়ক থেকে হযরত শাহ সদর উদ্দিন কোরেশী (র.)-এর মাজার পর্যন্ত ১০০ ফুট আরসিসি ঢালাই কাজের অনুমোদন দেওয়া হয়। তবে কাজের মান বজায় না রেখে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার এবং দায়সারাভাবে কাজ সম্পন্ন করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে।
স্থানীয়দের ভাষ্য, ঠিকাদার ও সংশ্লিষ্ট তদারককারীদের অবহেলার কারণে প্রকল্পের গুণগত মান নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। বিষয়টি নিয়ে এলাকাজুড়ে অসন্তোষ সৃষ্টি হয়েছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমেও সমালোচনা চলছে।
এলাকাবাসীর পক্ষ থেকে ইউএনও বরাবর দেওয়া লিখিত অভিযোগে প্রকল্পের কাজ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। অভিযোগে বলা হয়, সদরাবাদ গ্রামের ১০০ ফুট আরসিসি ঢালাই কাজে অনিয়মের বিষয়টি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করা হচ্ছে।
স্থানীয়দের দাবি, অভিযোগের নিরপেক্ষ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হলে সরকারি উন্নয়ন প্রকল্পের স্বচ্ছতা নিশ্চিত হবে এবং গ্রামবাসী টেকসই অবকাঠামোর সুফল পাবেন।
তবে এ বিষয়ে সংশ্লিষ্ট ঠিকাদার, প্রকল্প বাস্তবায়ন কমিটি কিংবা উপজেলা প্রশাসনের বক্তব্য পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।
