ক্ষতিগ্রস্ত চা শ্রমিকদের অভিযোগ, বারবার বিষয়টি সংশ্লিষ্টদের জানানো হলেও এখন পর্যন্ত স্থায়ীভাবে ভাঙনরোধে কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়নি। ফলে প্রতিটি বৃষ্টির সময় নতুন করে আতঙ্কে থাকতে হচ্ছে তাদের। বিশেষ করে শিশু, নারী ও বয়স্ক সদস্যদের নিয়ে নিরাপদে বসবাস করা দিন দিন কঠিন হয়ে পড়ছে।
বাগানবাসীদের আশঙ্কা, দ্রুত ভাঙনরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করলে সামনে বর্ষার বাকি সময় পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে। এতে আরও অনেক বসতঘর ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি শতাধিক শ্রমিক পরিবার গৃহহীন হয়ে পড়ার ঝুঁকিতে রয়েছে।
এ অবস্থায় ক্ষতিগ্রস্ত চা শ্রমিক ও বাগানবাসীরা দ্রুত ভাঙনরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। একই সঙ্গে তারা চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরী, হবিগঞ্জের জেলা প্রশাসক ড. জি. এম. সরফরাজ, হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের সংসদ সদস্য সৈয়দ মোহাম্মদ ফয়সাল এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য শাম্মী আক্তারের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
স্থানীয়দের দাবি, জরুরি ভিত্তিতে ভাঙন প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হলে তাদের দীর্ঘদিনের দুর্ভোগ অনেকটাই লাঘব হবে। একই সঙ্গে চা শ্রমিক পরিবারগুলোর নিরাপদ বসবাস নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।
