মাধবপুরে ডিবির অভিযানে ২৮ কেজি গাঁজা উদ্ধার

হবিগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ২৮ কেজি গাঁজা ও একটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে। এ সময় মাদক পরিবহনের অভিযোগে এক ব্যক্তিকে আটক করা হয়।

রবিবার (৫ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে হবিগঞ্জের মাধবপুর উপজেলার জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকার ড্রাইভার হোটেলের সামনে ঢাকা-সিলেট মহাসড়কে এ অভিযান পরিচালনা করা হয়।

আটক ব্যক্তি হলেন চুনারুঘাট উপজেলার আমকান্দি গ্রামের আহাদ মিয়ার ছেলে মো. জুয়েল মিয়া (২৫)।

পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার তারেক মাহমুদের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই মোহাম্মদ সাকিব হোসেন, এসআই মো. সাইফুল ইসলাম, এএসআই মো. নাঈম মিয়া, এএসআই ইদ্রিস আলীসহ সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। এ সময় জুয়েল মিয়ার হেফাজত থেকে ২৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পাশাপাশি ঢাকা মেট্রো-চ ১৫-৬৫৩৭ নম্বরের একটি কালো রঙের মাইক্রোবাস জব্দ করা হয়।

ডিবি পুলিশের দাবি, উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ লাখ ৬০ হাজার টাকা এবং জব্দকৃত মাইক্রোবাসটির আনুমানিক মূল্য প্রায় ৩০ লাখ টাকা।

এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জেলা গোয়েন্দা পুলিশ জানিয়েছে


শেয়ার করুন