সাতছড়িতে হোটেলে অভিযান, ভোক্তা অধিকার আইনে জরিমানা

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যানে অবস্থিত সাতছড়ি মাসুম বিল্লাহ হোটেলে অস্বাস্থ্যকর ও মানহীন পরিবেশে খাবার প্রস্তুতের দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) বিকেল সাড়ে ৪টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরীর নেতৃত্বে চুনারুঘাট থানা পুলিশের সহযোগিতায় পরিচালিত মোবাইল কোর্টে এ জরিমানা করা হয়।

অভিযানে হোটেলের রান্নাঘরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুতের বিষয়টি ধরা পড়ে। জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এ সময় ভবিষ্যতে স্বাস্থ্যবিধি মেনে হোটেল পরিচালনা এবং প্রয়োজনীয় অনুমোদন গ্রহণের নির্দেশনা দেওয়া হয়।

উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের মোবাইল কোর্ট ও বাজার মনিটরিং কার্যক্রম ভবিষ্যতেও নিয়মিত পরিচালনা করা হবে


শেয়ার করুন