হবিগঞ্জে গ্যাসের চাপ কম থাকায় চরম দুর্ভোগে পড়েছেন আবাসিক গ্রাহকরা। দিনের অধিকাংশ সময় চুলায় পর্যাপ্ত গ্যাস না থাকায় রান্নাবান্না করতে পারছেন না অনেক পরিবার। ফলে অনেককে গভীর রাত কিংবা ভোরে রান্না করতে হচ্ছে। আবার অনেক ক্ষেত্রে গ্যাস না থাকায় বিকল্প জ্বালানির ওপর নির্ভর করতে বাধ্য হচ্ছেন তারা। শহরের মাহমুদাবাদ, অনন্তপুর, নিউ মুসলিম কোয়ার্টার, শ্যামলী, পিটিআই, রাজনগর, কলেজ কোয়ার্টারসহ বিভিন্ন এলাকায় গ্যাসের এমন অবস্থা। শহরের রাজনগরের বাসিন্দারা জানান, সকালে গ্যাস না থাকায় অনেকেই নাস্তা না করেই কর্মস্থল ও শিক্ষাপ্রতিষ্ঠানে যাচ্ছেন। দুপুর ও রাতেও স্বাভাবিকভাবে রান্না করা সম্ভব হচ্ছে না। বিশেষ করে শিশু, বৃদ্ধ ও অসুস্থ সদস্য থাকা পরিবারগুলো সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে। অনন্তপুরের এক গৃহিণী বলেন, “দিনের বেশিরভাগ সময় চুলায় গ্যাস থাকে না। অনেক সময় গভীর রাতে গ্যাস এলে তখন রান্না করতে হয়। এতে পরিবারের সবাইকে দুর্ভোগ পোহাতে হচ্ছে।”
শ্যামলীর বাসিন্দার অভিযোগ, “গ্যাসের বিল নিয়মিত পরিশোধ করলেও প্রয়োজনের সময় গ্যাস পাওয়া যায় না। রান্নার সময়সূচি বদলে ফেলতে হয়েছে।” সংশ্লিষ্ট সূত্র জানায়, গ্যাসের সরবরাহ কমে যাওয়ায় লাইনে পর্যাপ্ত চাপ থাকছে না। ফলে শহরের বিভিন্ন এলাকায় আবাসিক গ্রাহকরা স্বাভাবিক গ্যাস সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। তাদের মতে, নিয়মিত ও পর্যাপ্ত গ্যাস সরবরাহ নিশ্চিত করা হলে দীর্ঘদিনের এ দুর্ভোগ থেকে মুক্তি মিলবে।
খবর বিভাগঃ
হবিগঞ্জ
