স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (৫ আগস্ট) দিবাগত রাতে উপজেলার গজারিয়াপাড়া এলাকায় এক শারীরিক প্রতিবন্ধী জামায়াতকর্মীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় নুরুল ইসলাম সাজলকে দেখতে পান বলে অভিযোগ করেন স্থানীয়রা। পরে বিক্ষুব্ধ গ্রামবাসী তাকে আটক করেন। পরবর্তীতে গাজীপুর ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক মিজান মিয়া এবং সাজলের বড় ভাই কাজল মিয়া তাকে নিজেদের জিম্মায় নিয়ে যান বলে স্থানীয় সূত্র জানিয়েছে।
ওই গৃহবধূর স্বামী অভিযোগ করে বলেন, রাতে তিনি নুরুল ইসলাম সাজলকে তার স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখতে পেয়ে প্রতিবেশীদের ডাক দেন। পরে স্থানীয়রা এসে তাকে আটক করেন। পরে স্থানীয়ভাবে বিষয়টি নিষ্পত্তির আশ্বাস দেওয়া হলে তাকে ছেড়ে দেওয়া হয় বলে তিনি দাবি করেন।
এ বিষয়ে চুনারুঘাট উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক মীর সাহেব আলী বলেন, "প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় নুরুল ইসলাম সাজলকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।"
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে নুরুল ইসলাম সাজলের ব্যক্তিগত মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়। ফলে তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, "বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে জেনেছি। তবে এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"
উল্লেখ্য, এ ঘটনায় এখনো থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি। ফলে অভিযোগগুলোর বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর আনুষ্ঠানিক তদন্ত বা আদালতের কোনো সিদ্ধান্ত এখনো হয়নি।
