খোয়াই নদীতে অবৈধ বালু উত্তোলন, হুমকিতে অর্ধশত গ্রাম

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার খোয়াই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে নদীপাড়ের অন্তত ৫০টি গ্রাম ঝুঁকির মুখে পড়েছে। স্থানীয়দের দাবি, উপজেলার রাণীগাঁও ও সাঁটিয়াজুড়ী ইউনিয়নের মধ্যবর্তী এলাকায় ড্রেজার মেশিন বসিয়ে দিন-রাত বালু উত্তোলন করা হচ্ছে। এর ফলে নদীর পাড়ে ভাঙন দেখা দিয়েছে এবং নদীতীরবর্তী ঘরবাড়ি, মসজিদসহ বিভিন্ন স্থাপনা হুমকির মুখে রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ইচ্ছাকুটা গ্রামের পশ্চিম পাশে খোয়াই নদীতে একটি প্রভাবশালী চক্র ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছে বলে অভিযোগ রয়েছে। গ্রামবাসী একাধিকবার বাধা দিলেও তা উপেক্ষা করে কার্যক্রম চালিয়ে যাওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তারা।

এলাকাবাসীর দাবি, ড্রেজার মেশিনের বিকট শব্দে পরিবেশ দূষিত হচ্ছে। পাশাপাশি বর্ষা মৌসুমে নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হয়ে বন্যা ও নদীভাঙনের ঝুঁকি বাড়ছে। ইতোমধ্যে নদীর পাড়ে ভাঙন শুরু হওয়ায় ইচ্ছাকুটা গ্রামের বাসিন্দাদের মধ্যে উদ্বেগ বিরাজ করছে।

এ ঘটনায় প্রতিকার চেয়ে শতাধিক গ্রামবাসীর স্বাক্ষরসংবলিত একটি লিখিত অভিযোগ জেলা প্রশাসকের কাছে জমা দেওয়া হয়েছে। অভিযোগে বলা হয়েছে, অবৈধ বালু উত্তোলন অব্যাহত থাকলে রাণীগাঁও ও সাঁটিয়াজুড়ী ইউনিয়নের অর্ধশতাধিক গ্রাম নদীভাঙনের ঝুঁকিতে পড়তে পারে। তারা দ্রুত এ কার্যক্রম বন্ধে প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ কামনা করেছেন।

এ বিষয়ে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরী বলেন, "অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসন নিয়মিত অভিযান পরিচালনা করছে। অভিযোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। দ্রুতই ওই এলাকায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।"

স্থানীয়দের প্রত্যাশা, অবৈধ বালু উত্তোলন দ্রুত বন্ধ করে নদীভাঙন রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে, যাতে নদীতীরবর্তী বসতি, কৃষিজমি ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো রক্ষা পায়।


শেয়ার করুন