জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে হবিগঞ্জে নানা কর্মসূচি

যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে হবিগঞ্জে পালিত হয়েছে ‘৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’।

দিবসটি উপলক্ষে বুধবার সকালে জেলা কেন্দ্রীয় জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় জাতীয় সংসদের হুইপ ও হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জি কে গউছ, জেলা প্রশাসক ড. জি এম সরফরাজ, পুলিশ সুপার তারেক মাহমুদসহ বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এদিকে জেলা বিএনপির উদ্যোগে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ প্রাঙ্গণ থেকে একটি পদযাত্রা বের করা হয়। পদযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। এতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

পরে জেলা শিল্পকলা একাডেমিতে জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের হুইপ জি কে গউছ বলেন, "জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে তারেক রহমানের নেতৃত্বে দেশের মানুষের কল্যাণে কাজ করে যাওয়া বিএনপির অঙ্গীকার।"

দিবসটি উপলক্ষে জেলার বিভিন্ন মসজিদ, মন্দির ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ দোয়া ও প্রার্থনার আয়োজন করা হয়। পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আলোচনা সভা, রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ নানা কর্মসূচি পালিত হয়।


শেয়ার করুন