হবিগঞ্জে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পরিচালিত অভিযানে প্রায় ৬২ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় চোরাই পণ্য জব্দ করা হয়েছে। জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে মেহেদি, ফুচকা, কিটক্যাট চকলেট ও বিস্কুট।
সোমবার (৩ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন হবিগঞ্জ ব্যাটালিয়নের (৫৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান।
বিজিবি জানায়, একটি কাভার্ডভ্যানে ভারতীয় অবৈধ পণ্য পরিবহন করা হচ্ছে, এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্ত থেকে প্রায় পাঁচ কিলোমিটার অভ্যন্তরে মাধবপুর উপজেলার পুরোনো ঢাকা-সিলেট মহাসড়কের সুরমা চা-বাগান এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসানো হয়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা কাভার্ডভ্যানটি মহাসড়কের পাশে ফেলে পালিয়ে যায়।
পরে কাভার্ডভ্যানটি তল্লাশি করে কার্টনের মধ্যে সুকৌশলে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ ভারতীয় মেহেদি, ফুচকা, কিটক্যাট চকলেট ও বিস্কুট জব্দ করা হয়। বিজিবির দাবি, এসব পণ্য চোরাচালানের মাধ্যমে দেশের অভ্যন্তরে আনার উদ্দেশ্যে পরিবহন করা হচ্ছিল।
লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, জব্দ করা পণ্য কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। তিনি আরও জানান, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হবে। পাশাপাশি সীমান্তবর্তী জনগণকে এ বিষয়ে সচেতন থাকার এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
