হবিগঞ্জে ৫৫ বিজিবির অভিযানে ইয়াবা গাঁজা-মদসহ চোরাচালান পণ্য জব্দ

সীমান্ত নিরাপত্তা রক্ষা, মাদকদ্রব্য ও চোরাচালান প্রতিরোধে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) পৃথক অভিযান চালিয়ে ভারতীয় ইয়াবা, গাঁজা, মদ, শাড়ি, বাংলাদেশি রসুন ও একটি বাইসাইকেল জব্দ করেছে। এ সময় এক আসামিকে আটক করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ৯৯ হাজার ৪৫০ টাকা। বিজিবি সূত্রে জানা যায়, মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) মনতলা, সিন্দুরখান ও তেলিয়াপাড়া বিওপির টহলদল মাধবপুর উপজেলার রামনগর ও লেকেরপাড় এবং শ্রীমঙ্গল উপজেলার হুগলিয়া বেলতলী এলাকায় পৃথক চোরাচালান ও মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। এসব অভিযানে ভারতীয় ইয়াবা, গাঁজা, মদ, শাড়ি, বাংলাদেশি রসুন ও একটি বাইসাইকেলসহ মো. আশিক (২৮) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। আটক আশিক মাধবপুর উপজেলার রামনগর গ্রামের মো. রব মিয়ার ছেলে। এছাড়া সোমবার (৭ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৭টা ২০ মিনিটে মনতলা বিওপির টহলদল গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর উপজেলার চৈতন্যপুর এলাকায় অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়। বিজিবি জানায়, জব্দকৃত মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানি মালামালের বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। ৫৫ বিজিবির পক্ষ থেকে জানানো হয়, সীমান্ত সুরক্ষা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। সীমান্ত এলাকায় অবৈধভাবে মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্যের প্রবেশ রোধে বিজিবির টহল ও গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। দেশের নিরাপত্তা ও অর্থনৈতিক স্বার্থ সুরক্ষায় সীমান্ত এলাকায় বিজিবির কঠোর অবস্থান অব্যাহত থাকবে।


শেয়ার করুন