লাখাইয়ে শীতের আগাম সবজিতে জমজমাট হচ্ছে বিভিন্ন হাটবাজার

কড়া শীতের কড়া নাড়ার আগেই হবিগঞ্জের লাখাই উপজেলার বিভিন্ন হাটবাজারে আসতে শুরু করেছে নতুন শীতকালীন শাকসবজি। স্থানীয় কৃষকদের ক্ষেতের সুস্বাদু ও টাটকা সবজির সমারোহে মুখরিত হয়ে উঠেছে উপজেলার বুল্লা, কালাউক, বামৈ, লাখাই ও মোড়াকরি বাজার। নতুন সবজির এই আগমনে ক্রেতা-বিক্রেতাদের মাঝে দেখা গেছে উৎসবমুখর পরিবেশ। শুক্রবার সকালে উপজেলার প্রধান বাজারগুলো ঘুরে দেখা যায়, আড়ত ও খুচরা দোকানগুলোতে সাজিয়ে রাখা হয়েছে ফুলকপি, বাঁধাকপি, শিম, মূলা, লালশাক, ডাঁটাশাক, শসা, কাঁচা টমেটো ও নতুন আলুর মতো শীতের নানা আয়োজন। বাজারে টাটকা সবজি আসায় প্রতিদিন সকালেই ক্রেতাদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। স্থানীয় পাইকারি ও খুচরা বিক্রেতারা জানান, মৌসুমের শুরুর দিকে ক্রেতাদের মাঝে নতুন শাকসবজির চাহিদা সবসময়ই বেশি থাকে। ফলন ভালো হওয়ায় এবং কৃষকরা সরাসরি ক্ষেত থেকে সবজি বাজারে নিয়ে আসায় পণ্যের গুণগত মানও বেশ ভালো রয়েছে।


শেয়ার করুন