রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে সিরাজগঞ্জের শাহজাদপুর সরকারি কলেজ মাঠে ১১ দলীয় জোট আয়োজিত এক নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের এনসিপি প্রার্থী এস এম সাইফ মোস্তাফিজের সমর্থনে এই সভার আয়োজন করা হয়।
ভোট কারচুপির হুঁশিয়ারি দিয়ে হাসনাত আব্দুল্লাহ বলেন, "ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যারা ভোট ডাকাতির চেষ্টা করবে, তারা পালানোর জায়গা পাবে না। যারা ভোটকেন্দ্র দখলের প্রস্তুতি নিচ্ছেন, তারা মা-বাবার দোয়া এবং স্ত্রী-সন্তানের কাছ থেকে বিদায় নিয়ে আসবেন। কারণ, তরুণ প্রজন্মের বিরুদ্ধে গিয়ে কেন্দ্র দখল করতে আসলে সেটিই হবে আপনাদের ‘আখেরি দিন’। শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আমরা ভোটাধিকার নিশ্চিত করব।"
প্রশাসনের উদ্দেশে তিনি বলেন, "বিগত তিনটি নির্বাচনে এসপির জন্য বরাদ্দ রাখতে হতো, ওসিকে খাম পাঠাতে হতো, এসআই-কনস্টেবলকে টাকা দিতে হতো। এবার যদি কেউ কালো টাকা স্পর্শ করেন বা জনগণের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেন, তবে পালানোর পথ খুঁজে পাবেন না।" তিনি আরও বলেন, বিগত নির্বাচনে দিনের ভোট রাতে হয়েছে, মৃত মানুষ কবর থেকে উঠে এসে ভোট দিয়েছে। জনগণের হারানো আস্থা ফিরিয়ে আনতে প্রশাসনকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।গণমাধ্যমের সমালোচনা করে হাসনাত আব্দুল্লাহ বলেন, "৫ আগস্টের পর একটি দল টেলিভিশন ও মিডিয়াগুলো দখল করে ‘মিডিয়া মাফিয়াগিরি’ শুরু করেছে। অনেক সাংবাদিক সত্য প্রচার করতে চাইলেও মালিকপক্ষের কারণে তা পারছেন না।"
শাহজাদপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মো. মিজানুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন এনসিপি প্রার্থী এস এম সাইফ মোস্তাফিজ। এছাড়াও খেলাফত মজলিসসহ ১১ দলীয় জোটের স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য দেন।
অনুষ্ঠানে মাওলানা রফিকুল ইসলাম খানের হাতে হাত রেখে শাহজাদপুর উপজেলার নরিনা ইউনিয়ন বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগদান করেন।
দৈনিক হবিগঞ্জের আয়না/আপন
