ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বুধন্তি ইউনিয়নের সাতবর্গ বাজার থেকে বিদ্যুতের তারসহ দুই চোরকে হাতেনাতে আটক করেছেন বাজারের পাহারাদাররা। আটকরা হলেন স্বপন দাস (১৯) এবং রমজান আলী (২৮) তার উভয় হবিগঞ্জ জেলার মাধবপুরের বাসিন্দা। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী পাহারাদার সূত্রে জানা যায়, শতবর্ষী পুরোনো সাতবর্গ বাজারে দীর্ঘদিন ধরে চুরি হয়ে আসছে। চুরি-ডাকাতির কারণে ব্যবসায়ীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। পাহারাদার নিয়োগ করেও চুরি পুরোপুরি ঠেকানো সম্ভব হচ্ছিল না বলে অভিযোগ রয়েছে। বিষয়টি প্রশাসনকে অবগত করা হয়েছে বলে জানান বাজারের ব্যবসায়ীরা। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ভোরে কাপড়ে মোড়ানো বিদ্যুতের লাইনের মোটা তারসহ দুইজনকে আটক করেন বাজারের পাহারাদার আব্দুল্লাহসহ চারজন। পরে তাঁদের পুলিশে সোপর্দ করা হয়।
এ বিষয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে ফজলুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের জন্য ইসলামপুর ফাঁড়ির সদস্যদের নির্দেশ দেওয়া হয়েছে। ইসলামপুর ফাঁড়ির এসআই রাশেদুল ইসলাম ও এসআই মামুন ঘটনাস্থলে উপস্থিত হয়ে আলামতসহ আটক দুজনকে থানায় নিয়ে যান।
খবর বিভাগঃ
হবিগঞ্জ
