লাখাইয়ে পুলিশের অভিযানে সাবেক যুবলীগ নেতা জাহাঙ্গীর শান্ত গ্রেফতার

লাখাই উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে উপজেলা যুবলীগের সাবেক সহ-সভাপতি জাহাঙ্গীর আলম শান্তকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত জাহাঙ্গীর আলম শান্ত উপজেলার মৃত আলমগীর মিয়ার ছেলে। তিনি স্থানীয়ভাবে যুবলীগের রাজনীতির সঙ্গে দীর্ঘদিন ধরে সম্পৃক্ত ছিলেন এবং সংগঠনের সাবেক সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন। তার বিরুদ্ধে লাখাই থানায় নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে একটি নিয়মিত মামলা রয়েছে। ওই মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে লাখাই থানার উপ-পরিদর্শক (এসআই) আবু কাউছারের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার কালাউক বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় সেখান থেকে তাকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।

লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, আটক আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে শনিবার (২৮ মার্চ) হবিগঞ্জ জেলা সদরের সংশ্লিষ্ট আদালতে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।


শেয়ার করুন