মাধবপুরে ১৪৪ ধারা উপেক্ষা করে মুফতি তাহেরির শান্তিপূর্ণ মাহফিল

মাধবপুর উপজেলার ১০নং ছাতিয়াইন ইউনিয়নে শিমুলঘর এলাকায় ১৪৪ ধারা জারির পরও স্থানীয়দের অংশগ্রহণে একটি ধর্মীয় মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। শনিবার বিকাল ৪ঘটিকায় শিমুলঘর গ্রামবাসী বিশাল গাড়ি বহর নিয়ে মাহফিলের প্রধান বক্তা মুফতি  গিয়াস উদ্দিন তাহেরীকে  নিয়ে যায়। এসময় মাধবপুর থানা পুলিশ, সেনা সদস্যরা উপস্থিত ছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, আলোচিত ইসলামি বক্তা মুফতি গিয়াস উদ্দিন আত তাহেরি-এর অংশগ্রহণে আয়োজিত মাহফিলটি বন্ধের জন্য একটি প্রভাবশালী মহল তৎপরতা চালায় বলে অভিযোগ ওঠে। এরই প্রেক্ষিতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ১৪৪ ধারা জারি করা হয়। তবে আয়োজক ও স্থানীয় জনগণ তা উপেক্ষা করে মাহফিলটি সম্পন্ন করেন। একজন স্থানীয় ব্যক্তি জানান, “আমরা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছি। কারো মতের সঙ্গে দ্বিমত থাকতেই পারে, কিন্তু অন্যায়ভাবে কোনো  ইসলামি অনুষ্ঠান বন্ধ করে দেওয়া ঠিক নয়।” মাহফিলের পক্ষে অবস্থান নেওয়া একাধিক ব্যক্তি দাবি করেন, এটি একটি ধর্মীয় সমাবেশ এবং এখানে কোনো ধরনের বিশৃঙ্খলার আশঙ্কা ছিল না। তাদের অভিযোগ, একটি মহল ভুয়া পোস্টার তৈরি করে পরিস্থিতি ভিন্ন দিকে নেওয়ার চেষ্টা করেছে এবং প্রশাসনের ওপর প্রভাব খাটিয়ে ১৪৪ ধারা জারি করিয়েছে।

তবে এ বিষয়ে মাধবপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয় সচেতন মহল মনে করছে, এ ধরনের ঘটনায় প্রশাসনের আরও দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন ছিল। মাহফিলটি শেষ পর্যন্ত শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে বলে জানা গেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।



শেয়ার করুন