বানিয়াচং উপজেলার কাগাপাশা ইউনিয়নের বাগাহাতা ও চমকপুর গ্রামের চেপটি হাওরে চলমান আগাম বন্যা নিয়ন্ত্রণ ও পানি নিষ্কাশন কার্যক্রম পরিদর্শন করেছেন জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিব। গতকাল বৃহস্পতিবার বিকেলে তিনি হাওর এলাকা ঘুরে দেখেন এবং স্থানীয় কৃষকদের সঙ্গে মতবিনিময় করেন। বোরো ফসল রক্ষায় চেপটি হাওরের জলাবদ্ধতা নিরসনে স্থানীয় বাসিন্দারা নিজস্ব উদ্যোগে সাতটি পাম্প মেশিনের সাহায্যে দিনরাত পানি নিষ্কাশনের কাজ চালিয়ে যাচ্ছেন। জেলা পরিষদের প্রশাসক পরিদর্শনকালে এই কাজের অগ্রগতি ও কারিগরি দিক নিয়ে খোঁজখবর নেন। পরিদর্শন শেষে সংক্ষিপ্ত আলোচনায় জেলা পরিষদলর প্রশাসক আহমেদ আলী মুকিব বলেন, “কৃষকের মুখে হাসি ফোটানো বর্তমান সরকারের অন্যতম লক্ষ্য। আগাম বন্যার হাত থেকে ফসল রক্ষায় স্থানীয়দের এই সম্মিলিত উদ্যোগ প্রশংসনীয়।” কৃষি ও কৃষকের কল্যাণে সরকারের গৃহীত বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের ওপরও তিনি আলোকপাত করেন। এ সময় জেলা পরিষদের কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ তার সঙ্গে উপস্থিত ছিলেন।
খবর বিভাগঃ
হবিগঞ্জ
