চুনারুঘাটে শিকল পরা অবস্থায় দুই মাদ্রাসা শিক্ষার্থী উদ্ধার ॥ চাঞ্চল্য

মাথায় টুপি, গায়ে পাঞ্জাবি। দুই পা শিকলে বাঁধা। একসঙ্গে ধীরগতিতে হাঁটছে দুই শিশু। প্রথম দেখে মনে হতে পারে তারা মৃত্যুদণ্ডপ্রাপ্ত কোনো আসামি। স্থানীয়রা এমন দৃশ্য দেখে তাদের উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নিয়ে যায়। পরে ইউএনওর নির্দেশে তাদের শিকল কেটে থানা হেফাজতে পাঠানো হয়। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে হবিগঞ্জের চুনারুঘাটে। ওই শিশুর পায়ের শিকল কাটা একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ঘটনাটি নিয়ে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা। ওই শিশুরা হলো হবিগঞ্জ সদর উপজেলার চাঁনপুর গ্রামের মফিজুল ইসলামের ছেলে মারুফ ইসলাম সবুজ (৯) ও বানিয়াচং উপজেলার পাথারিয়া গ্রামের বেলু মিয়ার ছেলে সায়েম মিয়া (৮) তাদের পরিবার জানায়, তাদের চুনারুঘাট উপজেলার দেওরগাছ হাফেজিয়া মাদরাসায় ভর্তি করা হয়েছে। তারা আবাসিকে থেকে পড়াশোনো করে। কিন্তু তারা প্রায়ই শিক্ষকদের চোখ ফাঁকি দিয়ে বাড়ি চলে যেত। সম্প্রতি বাড়ি যাওয়ার পর তাদের মা-বাবা ৪০০ টাকা দিয়ে শিকল কিনে মাদরাসায় বেঁধে রেখে চলে যান। মঙ্গলবার বিকেলে সুযোগ বুঝে তারা শিকল কেটে ফেলতে বাজারে যায়। তখন স্থানীয়দের বিষয়টি নজরে পড়ে। চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএওন) গালিব চৌধুরী জানান, স্থানীয়রা উপজেলা পরিষদের নিয়ে এলে শিকল কেটে তাদের থানায় হস্তান্তর করা হয়। চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, পরিবারের লোকের পরামর্শ মতেই তাদের পায়ে শিকল পরানো হয়। বিকেলে মাদরাসার ছাত্রদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


শেয়ার করুন