নবীগঞ্জে ঝড়ো হাওয়া-শিলাবৃষ্টি সড়কে গাছ পড়ে যান চলাচল বন্ধ

নবীগঞ্জ উপজেলায় ঝড়ো হাওয়া, বৃষ্টি ও শিলাবৃষ্টি হয়েছে। একই সঙ্গে পুরো উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। বুধবার রাত সাড়ে ৮টা থেকে মধ্যরাত পর্যন্ত দুই দফায় উপজেলার বিভিন্ন এলাকায় দমকা হাওয়ার সঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হয়। এ সময় কয়েকটি স্থানে শিলাবৃষ্টিও দেখা যায়, যা স্থানীয়দের মধ্যে কিছুটা আতঙ্ক সৃষ্টি করে। প্রবল ঝড়ো হাওয়ার কারণে নবীগঞ্জ-রুদ্রগ্রাম সড়কের নাদামপুর এবং নবীগঞ্জ-হবিগঞ্জ সড়কের ইমামবাড়িসহ বিভিন্ন স্থানে বড় গাছ ভেঙে সড়কের ওপর পড়ে যায়। এতে সাময়িকভাবে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং কিছু সময়ের জন্য যানবাহন আটকা পড়ে । পরে স্থানীয়দের উদ্যোগে গাছ অপসারণ করা হলে সড়কে পুনরায় যান চলাচল শুরু হয়।শিলাবৃষ্টির ঘটনায় তাৎক্ষণিকভাবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। অপরদিকে, চলমান তীব্র লোডশেডিংয়ের মধ্যেই রাতে ঝড়-বৃষ্টি হওয়ায় নবীগঞ্জ শহরসহ উপজেলার বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। সন্ধ্যা ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত টানা বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। রাত ১২টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত নবীগঞ্জ পৌর এলাকাসহ উপজেলাজুড়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। নবীগঞ্জ পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের উপ-মহাব্যবস্থাপক আসাদুজ্জামান অনুজ জানান, প্রবল ঝড়বৃষ্টি ও বজ্রপাতের কারণে নবীগঞ্জ-হবিগঞ্জ সড়কের ইমামবাড়ি বাজার এলাকায় মেইন লাইনের ওপর গাছ পড়ে তার ছিঁড়ে গেছে। এছাড়া পৌর এলাকার রাজাবাদসহ বেশ কয়েকটি স্থানে বৈদ্যুতিক লাইনের ওপর গাছ পড়ে থাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। তিনি আরও জানান, ঝড়বৃষ্টি ও বজ্রপাতের মধ্যে রাতে গাছ অপসারণের কাজ করা সম্ভব হয়নি। ফলে রাতে বিদ্যুৎ সরবরাহ চালু করা যায়নি। তবে বৃহস্পতিবার সকাল থেকে শ্রমিকরা বিদ্যুৎ লাইন সচল করতে কাজ শুরু করবেন।


শেয়ার করুন