হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ৯নং রাণীগাঁও ইউনিয়নের ২নং ওয়ার্ডের উত্তর পাচারগাঁও এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, প্রভাবশালী একটি চক্র মেশিন ব্যবহার করে করাঙ্গী নদী, খেলার মাঠ ও কবরস্থানের আশপাশ এলাকা ভেঙে বালু উত্তোলন দেখুন) করে বিক্রি করছে। অভিযোগে জানা যায়, বালু উত্তোলনের ফলে এলাকার রাস্তাঘাট মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ট্রাক্টর ও নছিমন চলাচলের কারণে সরকারি মাটির রাস্তার বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে, ফলে সাধারণ মানুষের চলাচল দুর্বিষহ হয়ে পড়েছে। এছাড়া পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়া, শিক্ষার্থীদের লেখাপড়ায় ব্যাঘাত এবং অসুস্থ মানুষের দুর্ভোগ বাড়ার কথাও উল্লেখ করেছেন এলাকাবাসী।
স্থানীয়রা জানান, অবৈধ বালু উত্তোলনে বাধা দিতে গেলে সংশ্লিষ্টরা লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে হামলার চেষ্টা করে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। বিষয়টি ইতোমধ্যে আইনশৃঙ্খলা বাহিনী সরেজমিনে পরিদর্শন করেছে বলেও জানা গেছে। এ বিষয়ে এলাকাবাসী উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন এবং দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
খবর বিভাগঃ
হবিগঞ্জ
