আজমিরীগঞ্জ উপজেলার বদলপুর ইউনিয়নের পাহাড়পুর থেকে কাদিরগঞ্জ (মার্কুলি) যাওয়ার পথে নিকলীর ভাঙ্গা এলাকায় একটি গুরুত্বপূর্ণ সড়কের মাত্র কয়েক মিটার অংশ এখন জনদুর্ভোগের প্রতীকে পরিণত হয়েছে। নদীগর্ভে সড়কের একটি বড় অংশ বিলীন হয়ে যাওয়ায় বিকল্প হিসেবে নির্মিত বেরিবাঁধ দিয়ে চলাচল করছেন আজমিরীগঞ্জ, শাল্লা ও বানিয়াচঙ্গ উপজেলার হাজারো মানুষ। কিন্তু সেই বেরিবাঁধের একটি ছোট অংশের বেহাল অবস্থাই পুরো পথকে করে তুলেছে দুর্বিষহ। সরেজমিনে দেখা যায়, কয়েক মিটার এই অংশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য বড় বড় গর্ত। কোথাও নেই চলাচলের উপযোগী রাস্তা চারদিকে কাদা, পানি আর ভাঙাচোরা পথ। ফলে কোনো যানবাহন স্বাভাবিকভাবে চলাচল করতে পারছে না। স্থানীয়দের অভিযোগ, একটি গাড়ি পার করতে হলে ৭-৮ জন মানুষ মিলে ঠেলে নিতে হয়। এতে সময়ের অপচয়ের পাশাপাশি বাড়ছে শারীরিক কষ্টও। স্থানীয় বাসিন্দা কীর্তন দাস জানান, অসুস্থ রোগীকে হাসপাতালে নিতে গেলে এই কয়েক মিটার রাস্তা সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায়। অনেক সময় রোগীর অবস্থা আরও খারাপ হয়ে যায়। শিক্ষার্থীরাও পড়েছে চরম বিপাকে। প্রতিদিন স্কুল-কলেজে যাতায়াত করতে গিয়ে তাদের ভোগান্তির শেষ নেই। একইভাবে শ্রমজীবী মানুষ সময়মতো কর্মস্থলে পৌঁছাতে না পেরে আর্থিক ক্ষতির মুখে পড়ছেন।
প্রতিদিন হাজার হাজার মানুষ এই সড়ক ব্যবহার করলেও দীর্ঘ কয়েক বছর ধরে সমস্যার কোনো কার্যকর সমাধান হয়নি বলে অভিযোগ এলাকাবাসীর। এ বিষয়ে এলাকাবাসী দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য আজমিরীগঞ্জ উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। তাদের দাবি, অতি দ্রুত এই ক্ষতিগ্রস্ত অংশটি সংস্কার করা হলে জনদুর্ভোগ অনেকটাই কমে আসবে।
স্থানীয়দের মতে, এটি শুধু একটি রাস্তার সমস্যা নয়, এটি মানুষের নিত্যদিনের কষ্ট, সময়ের অপচয় এবং প্রশাসনিক অবহেলার একটি বাস্তব চিত্র।
খবর বিভাগঃ
হবিগঞ্জ
