অস্তিত্ব সংকটে শায়েস্তাগঞ্জে ঐতিহাসিক জিয়ার খাল

শায়েস্তাগঞ্জ পৌর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহাসিক জিয়ার খাল এখন অস্তিত্ব সংকটে পড়েছে। একসময় শহরের পানি নিষ্কাশনের প্রধান মাধ্যম হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এই খালটি দীর্ঘ অবহেলা ও সংস্কারের অভাবে ধীরে ধীরে ভরাট হয়ে সরু নালায় পরিণত হয়েছে। এতে করে স্বাভাবিক পানিপ্রবাহ ব্যাহত হয়ে জনজীবনে ভোগান্তি বাড়ছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বহু বছর ধরে খালটি খনন বা নিয়মিত রক্ষণাবেক্ষণের আওতায় না আসায়  (২য় পাতায় দেখুন) এর তলদেশে মাটি জমে গেছে। পাশাপাশি দুই পাড়ে অবৈধ দখল, ময়লা-আবর্জনা ফেলা এবং অপরিকল্পিত স্থাপনা নির্মাণের কারণে খালের প্রস্থ ক্রমেই কমে আসছে। এর সরাসরি প্রভাব পড়ছে শায়েস্তাগঞ্জ পৌর শহরসহ আশপাশের কয়েকটি গ্রামের ড্রেনেজ ব্যবস্থায়। অল্প বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা, চরম দুর্ভোগে পড়ছেন স্থানীয়রা।

স্থানীয়দের অনেকে বলছেন, ঐতিহাসিকভাবে এই খালটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত হওয়ায় এর একটি বিশেষ আবেগীয় মূল্যও রয়েছে। কিন্তু গুরুত্বপূর্ণ এই জলাধারটি বছরের পর বছর ধরে অবহেলায় পড়ে থাকলেও কার্যকর কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না। অন্যদিকে দেশের বিভিন্ন এলাকায় খাল খনন ও পুনঃসংস্কারের কাজ চললেও শায়েস্তাগঞ্জের এই খালটি এখনও সেই তালিকায় যুক্ত হয়নি বলে অভিযোগ উঠেছে।

পরিবেশবিদরা মনে করছেন, জিয়ার খাল পুনঃখনন ও সংস্কার করা গেলে শুধু জলাবদ্ধতা নিরসনই নয়, বরং স্থানীয় পরিবেশের ভারসাম্য রক্ষা, কৃষি উৎপাদনে সহায়তা এবং জনস্বাস্থ্যের উন্নয়নেও ইতিবাচক পরিবর্তন আসবে।

এ অবস্থায় এলাকাবাসীর জোর দাবি, দ্রুত সময়ের মধ্যে জিয়ার খাল খনন ও সংস্কার করে এর আগের নাব্যতা ফিরিয়ে আনা হোক। তারা বলছেন, যথাযথ উদ্যোগ নেওয়া না হলে ইতিহাস ও জনজীবনের সঙ্গে জড়িয়ে থাকা এই গুরুত্বপূর্ণ খালটি একসময় পুরোপুরি হারিয়ে যাওয়ার ঝুঁকিতে পড়বে।



শেয়ার করুন