খাদ্যে নিষিদ্ধ দ্রব্য মেশানোয় দুই প্রতিষ্ঠানকে জরিমানা

হবিগঞ্জে খাদ্য পণ্যে নিষিদ্ধ দ্রব্য মিশ্রণের দায়ে দুইটি প্রতিষ্ঠানকে মোট ২২ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও র‍্যাব-৯ এর যৌথ আভিযানিক দল।

শনিবার (১৮ এপ্রিল) দুপুরে র‍্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্প এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, হবিগঞ্জ কার্যালয়ের সমন্বয়ে পরিচালিত অভিযানে জেলার বানিয়াচং উপজেলার আলিগঞ্জ বাজার ও নবীগঞ্জ উপজেলার ইমামবাড়ী বাজারে এ অভিযান চালানো হয়।

অভিযানে খাদ্য পণ্যে মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর নিষিদ্ধ উপাদান ব্যবহারের প্রমাণ পাওয়ায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪২ ও ৪৩ ধারায় বানিয়াচংয়ের শাপলা আইসক্রিম ফ্যাক্টরির মালিক মোঃ আব্দুল মালেককে ৭ হাজার টাকা এবং নবীগঞ্জের দুই ভাই রেস্টুরেন্টের মালিক মোঃ আমির উদ্দিনকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে খাদ্যে ভেজাল বা ক্ষতিকর উপাদান মেশানো দণ্ডনীয় অপরাধ উল্লেখ করে সংশ্লিষ্টরা জানান, এ ধরনের অপরাধে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

র‍্যাব-৯ জানায়, জনস্বার্থে এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে তাদের গোয়েন্দা তৎপরতা ও এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


শেয়ার করুন