জেলায় হামের সংক্রমণ দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে। জেলার বিভিন্ন এলাকায় শিশুদের মধ্যে দ্রুত ছড়িয়ে পড়ছে এই রোগ। সর্বশেষ তথ্য অনুযায়ী, জেলায় ১১৫ জন শিশু হাম আক্রান্ত হয়েছে এবং প্রতিদিনই নতুন রোগী হাসপাতালে ভর্তি হচ্ছে।
হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে জায়গা সংকটের কারণে বেডের সংখ্যা ছাড়িয়ে যাওয়ায় মেঝেতেই চিকিৎসা দেওয়া হচ্ছে। রোগীর অতিরিক্ত চাপ সামাল দিতে গিয়ে চিকিৎসকদের হিমশিম খেতে হচ্ছে। পরিস্থিতি এতটাই নাজুক হয়ে উঠেছে যে, গুরুতর রোগীদের অন্যত্র রেফার করা হচ্ছে।
সাম্প্রতিক সময়েও হাসপাতালে শিশু ভর্তি বাড়ার খবর পাওয়া গেছে, যা জেলার স্বাস্থ্য ব্যবস্থার ওপর বাড়তি চাপ সৃষ্টি করছে।
শুধু সদর হাসপাতালই নয়, জেলার ৯টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও প্রতিদিন আক্রান্তের সংখ্যা বাড়ছে। বিশেষ করে ৫ বছরের নিচের শিশুদের মধ্যে আক্রান্তের হার বেশি দেখা যাচ্ছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার টিকাদান কর্মসূচি জোরদার করেছে। হবিগঞ্জ জেলায় প্রায় ৩ লাখ ২৬ হাজার শিশুকে হাম-রুবেলা টিকা দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।
হবিগঞ্জ সদর হাসপাতালের আরএমও ডা. ফাইকা রহমান বলেন, “আমরা হাম রোগীদের জন্য বেড সংখ্যা বাড়ানোর চেষ্টা করছি, যাতে আক্রান্ত শিশুদের যথাযথ চিকিৎসা দেওয়া যায়।”
