মাধবপুর উপজেলার ৫নং আন্দিউড়া ইউনিয়নের একটি গুরুত্বপূর্ণ সড়কের বেহাল অবস্থার কারণে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। সম্প্রতি পানি সরে যাওয়ার পর সড়কটির বিভিন্ন অংশ ভেঙে চুরমার হয়ে গেছে, ফলে এটি বর্তমানে চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, কিছুদিন আগেও সড়কটির উপর পানি জমে ছিল। পানি নেমে যাওয়ার পরই রাস্তার ক্ষতিগ্রস্ত অংশগুলো স্পষ্ট হয়ে ওঠে। এখন সড়কজুড়ে বড় বড় গর্ত ও ভাঙন দেখা দিয়েছে, যার কারণে যানবাহন চলাচল তো দূরের কথা, পায়ে হেঁটেও চলাচল করা ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এলাকাবাসী জানান, এই সড়কটি তাদের দৈনন্দিন জীবনযাত্রার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। শিক্ষার্থী, রোগীসহ সাধারণ মানুষ প্রতিদিন এই পথ ব্যবহার করেন। সড়কের এমন করুণ অবস্থার কারণে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, রোগী ও কর্মজীবী মানুষ সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছেন। তবে দুঃখজনক হলেও সত্য, দীর্ঘদিন ধরে এমন দুরবস্থার পরও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো দৃশ্যমান উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ স্থানীয়দের। এলাকাবাসীর দাবি, স্থানীয় জনপ্রতিনিধি ও দায়িত্বশীল মহলের দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন। এ বিষয়ে সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে এলাকাবাসী দ্রুত সড়কটি সংস্কারের জোর দাবি জানিয়েছেন।
খবর বিভাগঃ
হবিগঞ্জ
