মাধবপুর প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর উপজেলায় অভিযান চালিয়ে মাদক মামলার সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিসহ দুই ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন— উপজেলার উত্তর সুরমা গ্রামের গোলাপ খাঁর ছেলে ওমর ফারুক এবং একই উপজেলার পরমানন্দপুর গ্রামের হাসু মিয়ার ছেলে মো. আক্তার প্রকাশ মুমন মিয়া। এর মধ্যে মুমন মিয়া একটি মাদক মামলায় ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, রবিবার (১১ মে) রাত প্রায় ৩টার দিকে মাধবপুর থানাধীন তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জামাল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোহেল রানা গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, ধৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে হবিগঞ্জ আদালতে সোপর্দ করা হয়েছে।
খবর বিভাগঃ
হবিগঞ্জ
