এলাকাবাসীর অভিযোগ, প্রায় ১৭ বছর ধরে এসব সড়কের উন্নয়নে উল্লেখযোগ্য কোনো উদ্যোগ নেওয়া হয়নি। বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। বৃষ্টির পানি জমে থাকায় সড়কের গর্তগুলো চোখে না পড়ায় দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যায়।
স্থানীয়দের ভাষ্য, বিশেষ করে গর্ভবতী নারী ও গুরুতর অসুস্থ রোগীদের হাসপাতালে আনা-নেওয়ার সময় চরম ভোগান্তির সম্মুখীন হতে হয়। ভাঙাচোরা সড়কে অতিরিক্ত ঝাঁকুনির কারণে রোগীদের শারীরিক অবস্থার অবনতি হওয়ার আশঙ্কা থাকে। এছাড়া টমটম, অটোরিকশা, সিএনজি ও মোটরসাইকেল প্রায়ই গর্তে পড়ে দুর্ঘটনার শিকার হচ্ছে। অনেক সময় গর্তে জমে থাকা পানির কারণে পথচারীরাও আহত হচ্ছেন।
এলাকাবাসী দ্রুত সড়কগুলোর সংস্কার ও উন্নয়নকাজ শুরু করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তারা বলেন, অনন্তপুরসহ আশপাশের কয়েকটি এলাকার হাজারো মানুষ প্রতিদিন এসব সড়ক ব্যবহার করেন। দীর্ঘদিনের এই দুর্ভোগের অবসানে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন।
