বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়নে নিজস্ব ল্যান্ডফিল বাস্তবায়নে পৌরসভা

হবিগঞ্জ পৌর এলাকার বর্জ্য ব্যবস্থাপনা আরও আধুনিক ও কার্যকর করতে উত্তরকুল মৌজায় প্রস্তাবিত নিজস্ব ল্যান্ডফিল (ডাম্পিং স্টেশন) বাস্তবায়নের উদ্যোগ জোরদার করেছে হবিগঞ্জ পৌরসভা। এ লক্ষ্যে বুধবার বিকেলে হবিগঞ্জ পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মঈনুল হক শহর থেকে প্রায় সাড়ে ৪ কিলোমিটার দূরে উত্তরকুল মৌজায় অবস্থিত প্রস্তাবিত ল্যান্ডফিলের জমি পরিদর্শন করেন। জানা গেছে, জেলা প্রশাসক ড. জি. এম. সরফরাজের নির্দেশনা ও তাগিদে পৌরসভার নিজস্ব ল্যান্ডফিল বাস্তবায়নের কার্যক্রম গতিশীল করা হচ্ছে। পৌর এলাকার বর্জ্য ব্যবস্থাপনাকে দীর্ঘমেয়াদে টেকসই ও পরিবেশবান্ধব করতে এই প্রকল্পকে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। পরিদর্শনকালে সহকারী কমিশনার (ভূমি) শিমুল আক্তার, হবিগঞ্জ পৌরসভার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাবেদ ইকবাল চৌধুরীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পৌর কর্তৃপক্ষ জানিয়েছে, বর্জ্য ব্যবস্থাপনার মানোন্নয়ন এবং নগরবাসীকে পরিচ্ছন্ন পরিবেশ উপহার দিতে প্রস্তাবিত জমিতে ল্যান্ডফিল বাস্তবায়নের প্রক্রিয়াধীন কার্যক্রম আরও গতিশীল করা হবে।



শেয়ার করুন