হবিগঞ্জ পৌরসভার একটি এক্সকেভেটর বিকল হয়ে যাওয়ায় টানা দুই দিন বর্জ্য অপসারণ কার্যক্রম ব্যাহত হলেও পরিস্থিতি স্বাভাবিক করতে বিশেষ ব্যবস্থা নিয়েছে পৌরসভা। পৌরসভা সূত্রে জানা যায়, গত সোমবার ও মঙ্গলবার এক্সকেভেটর বিকল থাকায় উত্তরকুল মৌজায় অবস্থিত পৌরসভার ডাম্পিং স্টেশনে বর্জ্য পরিবহন করা সম্ভব হয়নি। ফলে আনসার অফিসসংলগ্ন সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস) ও আশপাশের সড়কে বিপুল পরিমাণ বর্জ্য জমে জনদুর্ভোগের সৃষ্টি হয়। পৌরসভার প্রশাসক মো. মঈনুল হকের নির্দেশে বুধবার সকাল থেকে অতিরিক্ত চারটি ট্রাক্টর ভাড়া করে বিশেষভাবে বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু করা হয়। বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেন পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাবেদ ইকবাল চৌধুরী। তিনি জানান, হবিগঞ্জ পৌর এলাকা থেকে প্রতিদিন প্রায় ৩০ মেট্রিক টন বর্জ্য শহর থেকে প্রায় সাড়ে চার কিলোমিটার দূরে উত্তরকুল মৌজার ডাম্পিং স্টেশনে নেওয়া হয়। এ কাজে পৌরসভার দুটি এক্সকেভেটর ও চারটি ডাম্প ট্রাক নিয়মিত নিয়োজিত থাকে। একটি এক্সকেভেটর আনসার অফিসসংলগ্ন এসটিএসে এবং অন্যটি মির্জাপুরের ডাম্পিং স্টেশনে কাজ করে। তিনি আরও বলেন, অপ্রত্যাশিতভাবে এসটিএসে ব্যবহৃত এক্সকেভেটরটি বিকল হয়ে যাওয়ায় দুই দিন বর্জ্য অপসারণ সম্ভব হয়নি। তবে মঙ্গলবার বিকেলেই যন্ত্রটি মেরামত করে সচল করা হয়েছে। বুধবার সকাল থেকে অতিরিক্ত যানবাহন যুক্ত করে দ্রুত জমে থাকা বর্জ্য অপসারণের কাজ চলছে এবং এ কার্যক্রম প্রয়োজন অনুযায়ী অব্যাহত থাকবে।
খবর বিভাগঃ
হবিগঞ্জ
