শহরের কলেজ রোড-বাইপাস লিংক সড়কের বেহাল দশা ॥ জনদুর্ভোগ

হবিগঞ্জ শহরের কলেজ রোড থেকে বাইপাস সড়কে সংযোগকারী গুরুত্বপূর্ণ লিংক সড়কটির বেহাল দশার কারণে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে সড়কজুড়ে অসংখ্য বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টি হলেই এসব গর্তে পানি জমে যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। ফলে প্রতিদিনই যানজট সৃষ্টি হচ্ছে এবং যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা  করছেন এলাকাবাসী। এ সমস্যাটি দেখার যেনো কেউ নেই। শহরের অত্যন্ত গুরুত্বপূর্ণ এ সড়কটি দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ ও বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে। সড়কটির পাশে অবস্থিত দি রোজেস কালেক্টর স্কুল, জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কার্যালয়, কিবরিয়া মিলনায়তন, হবিগঞ্জ আধুনিক স্টেডিয়াম, হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠ এবং চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের প্রধান ফটক। এসব গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানকে কেন্দ্র করে প্রতিদিন শিক্ষার্থী, অভিভাবক, কর্মকর্তা-কর্মচারী, আইনজীবী ও সাধারণ মানুষের ব্যাপক যাতায়াত থাকলেও দীর্ঘদিন ধরে সড়কটির কোনো সংস্কার না হওয়ায় ভোগান্তি দিন দিন বেড়েই চলেছে। স্থানীয়দের অভিযোগ, সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত সৃষ্টি হওয়ায় রিকশা, অটোরিকশা, মোটরসাইকেলসহ অন্যান্য যানবাহন চলাচলে চরম ঝুঁকি তৈরি হয়েছে। বিশেষ করে স্কুলগামী কোমলমতি শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের দুর্ভোগ সবচেয়ে বেশি। প্রায় প্রতিদিনই ছোটখাটো দুর্ঘটনা ঘটছে। অনেক চালক গর্ত এড়াতে গিয়ে বিপরীত দিকের যানবাহনের মুখোমুখি হয়ে পড়ছেন, এতে দুর্ঘটনার আশঙ্কা আরও বেড়ে যাচ্ছে। দি রোজেস কালেক্টর স্কুলের এক শিক্ষার্থীর অভিভাবক বলেন, "প্রতিদিন মেয়েকে রিকশায় করে স্কুলে আনা-নেওয়া করি। রাস্তায় এত বড় বড় গর্ত যে, সব সময় ভয় থাকে কখন রিকশা উল্টে যায়। শিশুদের নিরাপত্তার কথা বিবেচনা করে দ্রুত সড়কটি সংস্কার করা প্রয়োজন।" এলাকাবাসীর দাবি, এটি শহরের অন্যতম ব্যস্ত ও গুরুত্বপূর্ণ সংযোগ সড়ক হওয়া সত্ত্বেও দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়া অত্যন্ত দুঃখজনক। দ্রুত সড়কটির সংস্কারকাজ শুরু না হলে যেকোনো সময় প্রাণহানিসহ বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। সচেতন মহল ও স্থানীয় বাসিন্দারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে সড়কটি সংস্কারের জোর দাবি জানিয়েছেন। তাদের মতে, মানুষের দুর্ভোগ লাঘব এবং নিরাপদ চলাচল নিশ্চিত করতে এ সড়কের সংস্কারের আর কোনো বিকল্প নেই


শেয়ার করুন